বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে এ চিঠি পাঠানো হয়। এতে সই করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন।
চিঠিতে বলা হয়েছে, দেশের শিক্ষাখাতের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অবদান গুরুত্বপূর্ণ। তাদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, কল্যাণ এবং সার্বিক সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষাখাতে বাজেটের বরাদ্দও বাড়ানো হচ্ছে। এর ফলে শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও পেশাগত দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
চিঠির তথ্য অনুযায়ী, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। তাদের জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।
এ ক্ষেত্রে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন হবে। দুই খাত মিলিয়ে অতিরিক্ত অর্থের পরিমাণ দাঁড়াবে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।
এ অর্থ ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে বরাদ্দ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে চলতি অর্থবছরে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
