বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমান মহড়া শুরু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১১:১৪ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সঙ্গে রোববার যৌথ মহড়া শুরু করেছে বাংলাদেশ বিমানবাহিনী। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মাইন প্রতিরোধী জাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’। সোমবার থেকে শুরু হতে যাওয়া এ মহড়া চলবে ৬ নভেম্বর পর্যন্ত।
রোববার (১ নভেম্বর) পৃথক বিবৃতিতে দুই যৌথ মহড়ার তথ্য জানান ঢাকায় যুক্তরাষ্ট্র মিশনের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড।
বিবৃতিতে তিনি জানান, রোববার ঢাকার বিমানঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের পৃষ্ঠপোষকতায় পাঁচ দিনব্যাপী এ মহড়া চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বাগত জানান বিমানঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মাওলা।
মহড়ায় দুই দেশের বৈমানিক, বিমান রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞ এবং সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীরা যৌথভাবে প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণের আওতায় রয়েছে সি-১৩০জে পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, কার্গো পরিবহন ও ব্যবস্থাপনা, বিমান চলাচলের নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, বিমানঘাঁটির নিরাপত্তা এবং চিকিৎসাসেবা।
মারা বার্ড বলেন, হাতে-কলমে এ প্রশিক্ষণের মাধ্যমে সংকটের সময় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় দুই দেশের বিমানবাহিনীর সক্ষমতা আরও বাড়বে।
চট্টগ্রামে পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজ
এদিকে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং’ (কারাট) বাংলাদেশ ২০২৬ যৌথ মহড়ায় অংশ নিতে রোববার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মাইন প্রতিরোধী জাহাজ ইউএসএস ওয়ারিয়র। আগামী ২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হবে।
মারা বার্ড জানান, জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর এর নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।
বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন এ মহড়া। এর মাধ্যমে দুই দেশের অংশীদারত্ব আরও জোরদার হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএসএস ওয়ারিয়রের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোইটের নেতৃত্বে ৬৮ মিটার দীর্ঘ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এ সময় জাহাজের নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মাহবুবুল হাসান।
এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে এবং দুই দেশের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
