মোহাম্মদপুরে ধসে পড়লো ভবনের একাংশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় একটি তিনতলা ভবনের একাংশ ধসে পড়েছে। আজ শুক্রবার (১০ জুলাই) সকালে হঠাৎ বিকট শব্দে এই দুর্ঘটনা ঘটে।
ধসে পড়ার পর ভবনটি একদিকে হেলে যাওয়ায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন ভবনের বাসিন্দারা। বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে আজিজ মহল্লার ওই এলাকা। মুহূর্তের মধ্যে তিনতলা ভবনটির একাংশ ধসে পড়ে এবং পুরো ভবনটি একদিকে হেলে যায়। ভবনের ভেতরে থাকা প্রায় ১২টি পরিবারের সদস্যরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন এবং প্রাণভয়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
এলাকাবাসীর দাবি, তিনতলা এই ভবনটি প্রায় ৬০ থেকে ৭০ বছরের পুরোনো। ভবনের বাসিন্দারা জানান, দুর্ঘটনার ঝুঁকি নিয়ে তারা বারবার বাড়ির মালিককে সতর্ক করেছিলেন এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু বাড়িওয়ালা এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন ছিলেন।
ভবন থেকে প্রাণহাতে নেমে আসা এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সকালে বিকট শব্দ হওয়ার পর মনে হইছে ভূমিকম্প হচ্ছে। বাচ্চা-কাচ্চা নিয়ে কোনোমতে সিঁড়ি দিয়ে নাইমা আসছি। যে কোনো সময় পুরো বিল্ডিংটা ধইসা পড়তে পারে। কিন্তু দুঃখের বিষয়, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, রাজউক বা সিটি করপোরেশনের একটা লোকও এই ঝুঁকিপূর্ণ বিল্ডিংটা দেখতে আসেনি।
আজিজ মহল্লা এলাকার আরেক প্রতিবেশী বলেন, বিকেলে মোহাম্মদপুর থানার পুলিশ আসছিল, কিন্তু ওনারাও একটু দেখে চলে গেছেন। এখন আমরা আতঙ্কে আছি, এই ভবন যদি পাশের বিল্ডিংয়ের ওপর ভেঙে পড়ে, তবে বহু মানুষের জীবন যাবে।’
