×

রাজধানী

রাজধানীতে সক্রিয় ভাড়াটে সন্ত্রাসীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ পিএম

রাজধানীতে সক্রিয় ভাড়াটে সন্ত্রাসীরা

ছবি : সংগৃহীত

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের বিনিময়ে ‘গিগ বা ভাড়াটে সন্ত্রাসী’ ব্যবহার করা হচ্ছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি। এসব ঘটনায় মাঠপর্যায়ে কাজ করা ব্যক্তিরা দ্রুত হামলা চালিয়ে পালিয়ে যাচ্ছেন। তাদের অনেকেই ভাসমান হওয়ায় শনাক্ত ও গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা গিগ সন্ত্রাসীদের ব্যবহার করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক অভিযান এবং ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে এ ধরনের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছেন কর্মকর্তারা। তাদের ভাষ্য, রাজনৈতিক ও স্বার্থান্বেষী মহলের কিছু ব্যক্তি আড়ালে থেকে অর্থের বিনিময়ে চোরাগোপ্তা নাশকতা চালাচ্ছেন।

অপরাধবিজ্ঞানের ভাষায়, নির্দিষ্ট অর্থের বিনিময়ে চুক্তিভিত্তিক অপরাধমূলক কর্মকাণ্ড সম্পাদন করাকে ‘গিগ সন্ত্রাস’ বলা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডে গিগ সন্ত্রাসীদের ব্যবহার বেড়েছে। ঝুঁকি এড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে তাদের দিয়ে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটানো হচ্ছে। প্রতিটি অভিযানের জন্য একজনকে দুই থেকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে এই পারিশ্রমিক ১০ হাজার টাকা পর্যন্ত পৌঁছায়।

সূত্রের দাবি, এসব ব্যক্তির অধিকাংশই ভাসমান এবং বিভিন্ন বস্তিতে বসবাস করেন। তাদের কারও কারও বিরুদ্ধে ছিনতাই, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক নাশকতায় তাদের ব্যবহার করা হচ্ছে—এমন তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ কারণে রাজধানী ও আশপাশের এলাকার বস্তিগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। তবে ঘনবসতিপূর্ণ পরিবেশ এবং অপরাধে জড়িত ব্যক্তিদের স্থায়ী ঠিকানা না থাকায় তাদের শনাক্ত করা কঠিন হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, নাশকতার পরিকল্পনাকারী ও অর্থদাতারা মাঠপর্যায়ে কাজ করা ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ না করে ডিজিটাল মাধ্যমে নির্দেশনা দেন। নির্দিষ্ট কাজের বিনিময়ে চুক্তি অনুযায়ী অর্থ দেওয়া হয়। বিস্ফোরণ বা অগ্নিসংযোগের পর ঘটনার ভিডিও পাঠালে ডিজিটাল মাধ্যমে পারিশ্রমিক পরিশোধ করা হয়। এর আগে তৃতীয় পক্ষের মাধ্যমে কৌশলে বিস্ফোরক পৌঁছে দেওয়া হয় বলে তদন্তসংশ্লিষ্টদের দাবি।

অপরাধ বিশ্লেষক ড. ওমর ফারুক বলেন, প্রচলিত গিগ অর্থনীতিতে যেমন নির্দিষ্ট কাজের বিনিময়ে পারিশ্রমিক দেওয়া হয়, গিগ সন্ত্রাসীরাও তেমনভাবে অপরাধের ‘অ্যাসাইনমেন্ট’ সম্পন্ন করে নির্দিষ্ট অর্থ পায়। তার মতে, এ ধরনের চক্র সমাজের জন্য উদ্বেগজনক। কারণ, অর্থের প্রলোভন দেখিয়ে কিশোর ও তরুণদেরও এতে যুক্ত করা হতে পারে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, চুক্তিভিত্তিক বিস্ফোরণ ঘটানোর কাজে নিয়োজিত অন্তত দুজনকে শনাক্ত করেছে পুলিশ। অন্যদিকে, গোয়েন্দা পুলিশও সাম্প্রতিক তদন্তে এ ধরনের অপরাধীদের সন্ধান পেয়েছে।

তদন্তকারীদের দাবি, ভারতীয় নম্বরে নিবন্ধিত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বিস্ফোরণের স্থান ও করণীয় সম্পর্কে নির্দেশনা পাঠানো হয়। বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠানোর পর প্রতিশ্রুত অর্থ পরিশোধ করা হয়। রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় এ চক্রকে ব্যবহার করা হচ্ছে বলে তাদের ধারণা।

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, নাশকতার ঘটনায় একাধিক ব্যক্তি বা গোষ্ঠী আলাদা দায়িত্ব পালন করতে পারে। কেউ বিস্ফোরক সরবরাহ করছে, কেউ তা তৈরি করছে, কেউ মাঠপর্যায়ে বিস্ফোরণ ঘটাচ্ছে, আবার কেউ নির্দেশনা ও যোগাযোগের দায়িত্বে রয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা, পুলিশি স্থাপনা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও গণপরিবহন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৫ নভেম্বর পর্যন্ত ঢাকার অন্তত ৪০টি পৃথক স্থানে কমপক্ষে ৬৫টি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮ থেকে ১০ নভেম্বরের মধ্যেই ৫০টির বেশি বিস্ফোরণ ঘটে। ওই তিন দিনে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অন্তত ১৩টি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া চলতি মাসের ১৫ নভেম্বর পর্যন্ত রাজধানীতে অন্তত ১০টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মিরপুর, পল্লবী, শ্যামলী, ফার্মগেট, মহাখালী, বারিধারা ও ভাটারা এলাকায় এসব ঘটনা বেশি ঘটেছে।

ঢাকা মহানগর পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে এ সময়ে রাজধানীজুড়ে বিভিন্ন অপরাধ ও নাশকতার মামলায় সাড়ে তিন হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়েছে অন্তত ৪৮ জনকে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু মাঠপর্যায়ে নাশকতায় অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করলেই তদন্তের মূল লক্ষ্য পূরণ হবে না। কার নির্দেশে হামলা হয়েছে, অর্থের জোগান কোথা থেকে এসেছে, কারা বিস্ফোরক সরবরাহ করেছে এবং হামলার ভিডিও কোথায় পাঠানো হয়েছে—এসব বিষয়ও খতিয়ে দেখতে হবে। এ জন্য জব্দ করা মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইসের ফরেনসিক পরীক্ষা, কল ও বার্তার তথ্য, সিসিটিভি ফুটেজ এবং আর্থিক লেনদেনের নথি বিশ্লেষণের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

তাদের মতে, নাশকতার অর্থ হুন্ডি, মোবাইল আর্থিক সেবা কিংবা অন্য কোনো মাধ্যমে পাঠানো হয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া প্রয়োজন। অর্থের উৎস ও গন্তব্য শনাক্ত করা গেলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহায়তায় সংশ্লিষ্ট লেনদেন বিশ্লেষণ করা যেতে পারে।

গিগ সন্ত্রাসের অভিযোগ সামনে আসায় এর সামাজিক প্রভাব নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, বেকার তরুণ, নিম্নআয়ের মানুষ কিংবা অপরাধপ্রবণ পরিবেশে থাকা ব্যক্তিদের দ্রুত অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে এসব কাজে যুক্ত করা হতে পারে। বিশেষ করে কিশোরদের এমন কর্মকাণ্ডে জড়ানোর ঝুঁকি তাদের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, এ ধরনের ঘটনার তদন্তে অপরাধে সরাসরি অংশ নেওয়া ব্যক্তি, প্ররোচনাকারী, অর্থদাতা ও পরিকল্পনাকারীর ভূমিকা আলাদাভাবে নির্ধারণ করা জরুরি। অর্থের বিনিময়ে কেউ বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ থাকলে তার পাশাপাশি কে তাকে নিয়োগ করেছে এবং কীভাবে নিয়ন্ত্রণ করেছে, সেটিও বের করতে হবে। একই সঙ্গে সন্দেহের ভিত্তিতে নিরপরাধ কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা থেকে বিরত থাকার ওপর গুরুত্ব দেন তিনি।

নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহী চৌধুরী বলেন, চুক্তিভিত্তিক নাশকতার ক্ষেত্রে অপরাধের কাজ ছোট ছোট দায়িত্বে ভাগ করে দেওয়া হয়। এতে মাঠপর্যায়ে হামলা বাস্তবায়নকারী ও পরিকল্পনাকারীর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। তবে ভিডিও পাঠিয়ে কাজের প্রমাণ দেওয়ার শর্ত থাকলে সেটি তদন্তের জন্য ডিজিটাল সূত্র হিসেবেও কাজে আসতে পারে।

তার মতে, সংশ্লিষ্ট ভিডিও, বার্তা, অ্যাকাউন্ট, ডিভাইস ও অর্থ লেনদেনের তথ্য একত্রে বিশ্লেষণ করলে যোগাযোগের ধারাবাহিকতা শনাক্ত করা সম্ভব। সাম্প্রতিক ঘটনাগুলো বিচ্ছিন্ন অপরাধ, নাকি বৃহত্তর কোনো সংগঠিত নেটওয়ার্কের অংশ—তদন্তে সেটি নিশ্চিত হওয়া জরুরি। মাঠপর্যায়ের ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি নির্দেশদাতা ও অর্থদাতাদের শনাক্ত করাও গুরুত্বপূর্ণ।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আহসান হাবীব পলাশ জানিয়েছেন, নাশকতা ঠেকাতে সারা দেশে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যারা অর্থ দিয়ে ভাড়াটে সন্ত্রাসীদের মাঠে নামাচ্ছে, তাদের অর্থের উৎস শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীও একাধিকবার দাবি করেছেন, ভারতে অবস্থান করে পতিত আওয়ামী লীগের লোকজন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

রাজধানীতে সক্রিয় ভাড়াটে সন্ত্রাসীরা

রাজধানীতে সক্রিয় ভাড়াটে সন্ত্রাসীরা

আরও ১২১ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

আরও ১২১ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App