অটোরিকশার ধাক্কায় আইসিইউতে পুলিশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করতে গিয়ে চালকের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৫৫) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) রাতে নগরীর রাসমনি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
আহত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত আছেন।
এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালকের নাম মো. জলিলকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক-পশ্চিম) সোহেল রানা জানান, ‘শুক্রবার সন্ধ্যায় রাসমনি ঘাট এলাকায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন কনস্টেবল কুদ্দুস। সেটি মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নেওয়ার পথে চালক তাকে ধাক্কা দিলে তিনি সড়ক বিভাজকে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
তিনি আরো বলেন, বর্তমানে সেই পুলিশ সদস্য আইসিইউতে রয়েছেন। স্থানীয়দের সহায়তায় চালককে আটক করে পাহাড়তলী থানায় মামলা করেছে পুলিশ।
