×

চট্টগ্রাম

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৪:৩১ পিএম

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

গ্রাফিক্স : ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রায় ৩ লাখ মানুষের জন্য নেই একটি পাবলিক টয়লেটও। বি-ক্যাটাগরির পৌরসভায় ৪০ হাজার মানুষের বসবাস, অথচ নেই কোনো গণশৌচাগার। উপজেলার প্রাণকেন্দ্র উপজেলা পরিষদ চত্বর কিংবা ঢাকা-বাঞ্ছারামপুর-নবীনগর আঞ্চলিক সড়কের মাতুবাড়ির মোড়ের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টেও নেই পাবলিক টয়লেট। ফলে যত্রতত্র মলমূত্র ত্যাগে পরিবেশ দূষণের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন নাগরিকরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরে সরকারি-বেসরকারি প্রায় ৪০টি দপ্তর রয়েছে। প্রতিদিন ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে শত শত মানুষ বিভিন্ন কাজে সদরে আসেন। এখানে সব ব্যাংকের শাখা, ডজনখানেক শপিংমল ও মার্কেট এবং অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় এলাকা সবসময় জনাকীর্ণ থাকে। অথচ কোথাও টয়লেটের ব্যবস্থা নেই।

পাবলিক টয়লেটের অভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী, শিশু ও বৃদ্ধরা। পুরুষরা অলি-গলিতে প্রস্রাব করতে পারলেও নারীদের পড়তে হয় চরম বিড়ম্বনায়। প্রতাবগঞ্জ বাজারে পৌরসভার উদ্যোগে ব্যবসায়ীদের জন্য একটি টয়লেট নির্মাণ করা হলেও সেখানে নারীদের ব্যবহারের কোনো ব্যবস্থা নেই। রক্ষণাবেক্ষণের অভাবে সেটিও এখন জীর্ণদশায় পরিণত হয়েছে।

ছলিমাবাদ এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, “এ এলাকায় পাবলিক টয়লেট না থাকায় মানুষ যেখানে-সেখানে মূত্রত্যাগ করছে। এতে পরিবেশ দূষিত হচ্ছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক নেতা বলেন, “প্রকৃতির ডাকে সাড়া দিতে হলে আমাদেরও আশপাশের ব্যাংক বা ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে অনুরোধ করতে হয়।”

পাড়াতলী গ্রামের বাসিন্দা পারভীন আক্তার বলেন, “গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জরুরি ভিত্তিতে পাবলিক টয়লেট স্থাপন করা উচিত। অনেকের টাকা দিয়ে টয়লেট ব্যবহার করার সামর্থ্য থাকে না। তাই নাগরিকদের জন্য বিনামূল্যে পাবলিক টয়লেটের ব্যবস্থা করতে হবে।”

সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম বলেন, “গণশৌচাগারের তীব্র সংকটে অনেকে বেগ চেপে রাখার অভ্যাস গড়ে তুলেছেন। চক্ষুলজ্জা এড়াতে অন্যরা খোলা আকাশের নিচে সাড়া দিতে বাধ্য হচ্ছেন। পাবলিক টয়লেট সংকটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা। বিড়ম্বনা এড়াতে অনেকেই প্রয়োজনের তুলনায় কম পানি পান করেন, যা তাদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে।”

এক নারী বলেন, “আমরা বাইরে গেলে চেষ্টা করি যত কম পানি ও খাবার খাওয়া যায়। আশপাশে এত এটিএম বুথ দেখি, কিন্তু কোনো পাবলিক টয়লেট দেখি না। যেগুলো আছে, সেগুলোও মেয়েদের ব্যবহারের উপযোগী নয়।”

নারী উদ্যোক্তা মুন্নী বেগম বলেন, “অনেক সময় চেপে থাকতে হয়। এতে শরীরের ক্ষতি হয়। ওয়াশরুমের জন্য শপিংমল বা রেস্টুরেন্ট খুঁজতে হয়। রাত হলে তাও পাওয়া যায় না। বাঞ্ছারামপুরে এত শপিংমল থাকলেও পর্যাপ্ত ওয়াশরুম নেই।”

গণশৌচাগারের সংকটের কারণে বাঞ্ছারামপুরে জনস্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বাড়ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই), কিডনি বিকল হওয়া এবং রেচনতন্ত্রের জটিল রোগে আক্রান্তের সংখ্যা।

এ প্রসঙ্গে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালের চিকিৎসক ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন বলেন, “প্রস্রাব চেপে রাখলে মূত্রথলির মাংসপেশি সবসময় প্রসারিত অবস্থায় থাকে। পরে এর সংকুচিত হওয়ার ক্ষমতা কমে যায়। ফলে প্রস্রাব করার পরও মূত্রথলিতে প্রস্রাব জমে থাকে। এ থেকে পাথর, সংক্রমণ এবং কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগের কারণে প্রতিবছর লাখো মানুষ ডায়রিয়া ও বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়।

বাঞ্ছারামপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া পাবলিক টয়লেটের প্রয়োজনীয়তা স্বীকার করে বলেন, “পৌরসভার যথেষ্ট বাজেট রয়েছে। অর্থ কোনো সমস্যা নয়, সমস্যা জায়গা নিয়ে। উপযুক্ত স্থানে পাবলিক টয়লেট নির্মাণের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না। তবে অনুসন্ধান চলছে। আশা করি, খুব দ্রুত জায়গার ব্যবস্থা হয়ে যাবে।”

নাগরিক সমাজের দাবি, উপজেলা সদর, বাসস্ট্যান্ড, মাতুবাড়ির মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দ্রুত আধুনিক ও নারীবান্ধব পাবলিক টয়লেট নির্মাণ করতে হবে। পাশাপাশি বিদ্যমান টয়লেটগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App