ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং
সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পিএম
ফাইল ছবি
বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার—এমন তথ্য দিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। প্রতিবেদনটির বিষয়টি উঠে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে।
শুক্রবার (১৩ নভেম্বর) ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে প্রশ্নের সরাসরি কোনো জবাব দিতে রাজি হননি তিনি। অন্য এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী তা মোকাবিলা করা হবে।
এদিকে বাংলাদেশের সঙ্গে নির্ধারিত কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে করা এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত।
তিনি বলেন, ‘এরই ধারাবাহিকতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিষয়ে নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ভ্রমণসংক্রান্ত সংশোধিত ব্যবস্থার বিষয়েও আলোচনা হবে।
তিনি আরও জানান, বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।
