বাস-ট্রাক সংঘর্ষে আসামে ২৪ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন। কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে একটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে কনটেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) আসামের গোলাঘাট জেলার কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোলাঘাট জেলার পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা রয়টার্সকে বলেন, দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাজিরাঙা জাতীয় উদ্যান গোলাঘাট জেলার মধ্যে অবস্থিত। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই উদ্যান একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সড়ক-৭১৫-এর রঙাজান এলাকায় হাতিখুলি চা-বাগানের কাছে দুর্ঘটনাটি ঘটে। মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনার ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
আসামের মন্ত্রী অতুল বরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, মিনিবাসটি ‘অত্যন্ত বেশি গতিতে’ চলছিল। চালক নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গোলাঘাট জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এবং যানবাহন দুটি ট্রাফিক আইন লঙ্ঘন করেছিল কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত করা হবে। মিনিবাসে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল কি না এবং নির্ধারিত গতিসীমা অতিক্রম করা হয়েছিল কি না, সেসব বিষয়ও তদন্তের আওতায় থাকবে।
এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
