নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম
ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ফতুল্লায় তাঁর মালিকানাধীন তৈরি পোশাক কারখানা ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেডে’ এ অভিযান চালানো হয়। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।
অভিযানের সময় কারখানাটি বন্ধ ছিল। পরে শুক্রবার বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানাজানি হয়।
সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের মেজ ছেলে। নারায়ণগঞ্জ-৫ আসনে তাঁর প্রয়াত বড় ভাই নাসিম ওসমান সংসদ সদস্য ছিলেন। তাঁর ছোট ভাই শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য।
নাম প্রকাশ না করার শর্তে কারখানাটির এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতে একটি মাইক্রোবাসে করে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি কারখানার প্রধান ফটকে আসেন। তাঁরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান। আনসার সদস্যরা তাঁদের জানান, প্রায় এক ঘণ্টা আগেই কারখানায় ছুটি হয়ে গেছে এবং ভেতরে কেউ নেই। পরে ডিবি সদস্যরা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, কয়েক দিন ধরেই আলোচনা চলছিল যে সেলিম ওসমান মাঝেমধ্যে ফতুল্লায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে আসেন। পুলিশের কাছে খবর আসে, তিনি সেখানে এসেছেন। এ তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কারখানাটিতে অভিযান চালায়। তবে তাঁকে পাওয়া যায়নি।
হাসিনুজ্জামান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে সেলিম ওসমানের বিরুদ্ধে। তাঁর অবস্থান নিশ্চিত করা গেলেই তাঁকে গ্রেপ্তার করা হবে।
এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল্লাহ আল আমিন আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায় সেলিম ওসমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুও বিভিন্ন সময়ে তাঁর গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
