কর্মীকে ‘গুলি করে হত্যাচেষ্টা’ বিএনপি নেতার, ককটেল হামলা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম
ছবি: সংগৃহীত
ফেনীর ছাগলনাইয়ায় বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এক বিএনপি কর্মীকে গুলি ও ককটেল হামলার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা পরিষদ-সংলগ্ন শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত ব্যক্তির নাম রিয়াজ উদ্দিন টিপু। তিনি পৌরসভার বাঁশপাড়া এলাকার আবুল খায়েরের ছেলে ও পৌর বিএনপির সক্রিয় কর্মী। তিনি বলেন, 'বালু ব্যবসার পাওনা টাকা দাবি করায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকীর নেতৃত্বে ১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী তার মাথায় ককটেল মেরে ও পায়ে গুলি করে হত্যার চেষ্টা করেছে।' তিনি বর্তমানে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত ১টার দিকে ঘটনাস্থলে কয়েকটি মাইক্রোবাস থেকে ২৫-৩০ জন হেলমেটধারী ব্যক্তি নামেন। একপর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। পরে কয়েকজনকে আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিতে দেখা যায়।
থানার নাইট ডিউটির উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, আহত টিপুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। একাধিক গাড়িতে করে আসা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে শুভপুরের দিকে চলে যায়। আহতকে হাসপাতালে নেওয়ার কারণে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামছুদ্দিন জানান, আহত ব্যক্তির মাথা, শরীর ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। তবে হাসপাতাল থেকে পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ না করেই সঙ্গে থাকা লোকজন তাকে নিয়ে চলে যায়।
অভিযোগের বিষয়ে আলমগীর সিদ্দিকী জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অসুস্থতার কারণে বিশ্রামে রয়েছেন। টিপুর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
