উখিয়ায় মার্কিন বিশেষ দূত, নিরাপদে দেশে ফেরার দাবি রোহিঙ্গাদের
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম
ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের কাছে নিজ দেশ মিয়ানমারে নিরাপদে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা তুলে ধরেছেন আশ্রিত রোহিঙ্গারা।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় সার্জিও গোরের গাড়িবহরের সামনে শান্তিপূর্ণভাবে সারিবদ্ধ হয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন রোহিঙ্গারা। এসব প্ল্যাকার্ডের মাধ্যমে তারা নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান।
এ সময় রোহিঙ্গা যুবক আহমদ উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে তারা অনিশ্চয়তার মধ্যে শরণার্থী শিবিরে বসবাস করছেন। নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে দ্রুত মিয়ানমারে ফিরে যেতে চান তারা। শরণার্থী হিসেবে অনির্দিষ্টকাল জীবন কাটাতে চান না বলেও উল্লেখ করেন তিনি।
রোহিঙ্গা অধিকারকর্মীদের ভাষ্য, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস ঘটনাকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এ অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতেও দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)-এর সংগঠক মাস্টার সৈয়দ উল্লাহ বলেন, আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি তারা কৃতজ্ঞ। তবে কেউই চিরদিন নিজের দেশ ছেড়ে অন্য দেশে শরণার্থী হয়ে থাকতে চায় না। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে প্রত্যাবাসন শুরু হলে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব, সমঅধিকার, ন্যায়বিচার, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সুরক্ষার নিশ্চয়তা থাকতে হবে। একই সঙ্গে প্রত্যাবাসন-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রোহিঙ্গাদের অংশগ্রহণও নিশ্চিত করার দাবি জানান।
আরো পড়ুন: পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা
এর আগে শুক্রবার দুপুরে সার্জিও গোরের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ১১ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে উখিয়ার উদ্দেশে রওনা দেয়। দুপুর ১টার দিকে উখিয়ায় পৌঁছে সংক্ষিপ্ত বিরতির পর তারা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শুরু করেন। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও ছিলেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দল উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি তারা ৮ ওয়েস্ট (৮ ডব্লিউ) এবং ৬ নম্বর ক্যাম্পও ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময়ের কথা রয়েছে।
উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশে আসেন সার্জিও গোর। সফরের শেষ দিন শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তার বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।
