×

চট্টগ্রাম

জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত শিল্পে ঋণের সুদ মওকুফের দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৯:০৫ পিএম

জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত শিল্পে ঋণের সুদ মওকুফের দাবি

ছবি : সংগৃহীত

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘদিনের সংকটে উৎপাদন ব্যাহত হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়া শিল্পকারখানার ব্যাংকঋণের সুদ মওকুফ এবং তিন মাসের কিস্তি স্থগিত রাখার দাবি জানিয়েছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধের জন্য ৯০ দিনের সময় দেওয়ার পাশাপাশি এ সময় কোনো ধরনের জরিমানা না করারও দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৮ আগস্ট) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে পৃথক চিঠি পাঠিয়ে এসব দাবি জানানো হয়। চিঠিতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক স্বাক্ষর করেছেন।

উৎপাদন ব্যাহত, বাড়ছে আর্থিক চাপ

অর্থ ও পরিকল্পনামন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক বিঘ্নের কারণে রপ্তানিমুখী পোশাক, বস্ত্র, প্লাস্টিকসহ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সংকটের কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কোনো কোনো প্রতিষ্ঠান অলিখিত ছাঁটাই পরিস্থিতির মধ্যেও পড়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চট্টগ্রাম চেম্বারের দাবি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশের প্রায় সব শিল্পকারখানাই উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এর প্রভাবে রপ্তানি ও বিক্রয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কিছু ক্ষেত্রে উৎপাদন ও বিক্রয় কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এ অবস্থায় শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন খরচও অনেক ক্ষেত্রে উঠে আসছে না। কর্মীদের বেতন-ভাতা, ব্যাংকঋণের সুদ, ইউটিলিটি বিলসহ নিয়মিত ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়েছে। আগামী কয়েক মাসও উদ্যোক্তাদের এই ক্ষতির চাপ সামলাতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ব্যাংকঋণের কিস্তি স্থগিতের দাবি

চট্টগ্রাম চেম্বার বলেছে, উদ্যোক্তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণে উৎপাদন ব্যাহত হয়ে যখন বিক্রয় ও রপ্তানি আয় কমে যাচ্ছে, তখন ব্যাংকঋণের উচ্চ সুদের বোঝা বহন করা শিল্পখাতের ওপর বাড়তি চাপ তৈরি করবে।

সংগঠনটির মতে, এ পরিস্থিতি দেশে শিল্পায়ন ত্বরান্বিত করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের নেওয়া উদ্যোগের সঙ্গেও সাংঘর্ষিক হতে পারে।

এ কারণে গার্মেন্টস ও সব রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ অন্যান্য শিল্পকারখানার আর্থিক ক্ষতি কিছুটা সামাল দিতে ব্যাংকঋণের সুদ মওকুফ এবং তিন মাসের ঋণের কিস্তি পরিশোধ স্থগিত রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।

গ্যাস-বিদ্যুৎ বিল পরিশোধে ৯০ দিনের সুযোগ

অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে ৯০ দিনের বিলম্ব মার্জনা বা মোরাটোরিয়াম দেওয়ার দাবি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্পকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে শিল্পমালিকেরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এই ক্ষতির প্রভাব আগামী কয়েক মাসও তাদের বহন করতে হবে।

শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ক্ষতি কাটিয়ে ওঠার সুযোগ দিতে চট্টগ্রাম চেম্বার কয়েকটি প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে—বর্তমানে কোনো কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা এবং অন্তত আগামী ছয় মাস কোনো ধরনের জরিমানা ছাড়াই বিল পরিশোধের সুযোগ দেওয়া।

এ ছাড়া মাসিক ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধের প্রচলিত নিয়ম সাময়িকভাবে শিথিল করে জরিমানা ছাড়া বিল পরিশোধের জন্য ৯০ দিনের বিলম্ব মার্জনা বা মোরাটোরিয়াম দেওয়ার প্রস্তাবও করা হয়েছে।

চট্টগ্রাম চেম্বারের মতে, এ ধরনের সুযোগ দেওয়া হলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে তৈরি আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক রাখা সম্ভব হবে।

এ জন্য শিল্পকারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা, জরিমানা ছাড়া বিল পরিশোধের জন্য ৯০ দিনের সুযোগ দেওয়া এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

যে যুবকের অট্টহাসিতে মাত বিশ্ব, তার পরিচয় জানেন কি?

যে যুবকের অট্টহাসিতে মাত বিশ্ব, তার পরিচয় জানেন কি?

এক বছর ঘরেই পড়ে ছিল নারীর লাশ, কঙ্কাল হওয়ার পর জানল পুলিশ

এক বছর ঘরেই পড়ে ছিল নারীর লাশ, কঙ্কাল হওয়ার পর জানল পুলিশ

কেউ অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে: জামায়াত আমির

কেউ অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে: জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App