এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম
ফাইল ছবি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এ চুক্তির ফলে বন্দরের সক্ষমতা বাড়বে এবং কর্মীদের পারিশ্রমিকও বৃদ্ধি পাবে। এতে বন্দরের কোনো কর্মী চাকরিচ্যুত হবেন না।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ চুক্তি করা হয়েছে। তাই এ চুক্তিকে দেশবিক্রির সঙ্গে তুলনা করার অভিযোগ সম্পূর্ণ অমূলক। চুক্তির ফলে বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের পারিশ্রমিকও বাড়বে।
আরও পড়ুন: স্কুলছাত্রী তাজমিন হত্যা, সেই অটোরিকশাচালক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্তবাণিজ্য সুবিধা থাকায় দেশটি কখনো কখনো পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে। তবে পরবর্তী সময়ে বাংলাদেশ আবারও নিজের অবস্থান ফিরে পেয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ আবারও দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধার করতে পারবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো ধর্মীয় সম্প্রীতি বিশ্বে অদ্বিতীয়। এটি আমাদের গর্ব।
