×

চট্টগ্রাম

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১১:১৭ পিএম

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ শহরে তীব্র লোডশেডিংয়ের কারণে চরম দুর্ভোগে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকেরা। দিন-রাত ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। কোনো কোনো এলাকায় এক ঘণ্টা পরপরও বিদ্যুৎ বন্ধ করতে হচ্ছে বলে জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

এ পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহকদের পক্ষ থেকে ওজোপাডিকোর দপ্তর ও বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এ কারণে স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের জেলা পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে ওজোপাডিকো।

মঙ্গলবার ওজোপাডিকোর গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন স্বাক্ষরিত ওই চিঠিতে দপ্তর ও বিদ্যুৎ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জ পৌরসভা এলাকায় ওজোপাডিকোর পাওয়ার হাউস, গোপালগঞ্জ দপ্তর ক্যাম্পাস এবং চরপাথালিয়ায় থাকা দুটি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে গোপালগঞ্জে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে এবং স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, দীর্ঘ সময় লোডশেডিং চলায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে অসন্তুষ্ট ব্যক্তি বা সাধারণ মানুষ ওজোপাডিকোর দপ্তর, বিদ্যুৎ স্থাপনা কিংবা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করতে পারেন। এমনকি নাশকতা বা অন্য কোনো অনভিপ্রেত ঘটনার আশঙ্কাও রয়েছে।

এ কারণে ওজোপাডিকোর সব স্থাপনা ও ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নিরাপত্তা বাড়ানো, নিয়মিত পুলিশি টহলের আওতায় আনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ নজরদারির অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন বলেন, দিনে গোপালগঞ্জে বিদ্যুতের চাহিদা ১২ থেকে ১৪ মেগাওয়াট। এর বিপরীতে প্রায় ৯ মেগাওয়াট সরবরাহ পাওয়া যাচ্ছে। রাতে চাহিদা বেড়ে প্রায় ১৮ মেগাওয়াট হলে সরবরাহ পাওয়া যায় ১২ থেকে ১৪ মেগাওয়াট।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা চলায় এবং হাসপাতালের রোগীদের বিষয়টি বিবেচনায় রেখে সেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে। ফলে বিদ্যুতের ঘাটতি সামাল দিতে কোনো কোনো এলাকায় এক ঘণ্টা পরপর বিদ্যুৎ বন্ধ রাখতে হচ্ছে।

ওজোপাডিকোর এই কর্মকর্তা আরও বলেন, তারা বিদ্যুৎ উৎপাদন করেন না। জাতীয় গ্রিড থেকে যতটুকু বিদ্যুৎ পাওয়া যায়, সেটিই গ্রাহকদের মধ্যে বিতরণ করা হয়। গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে অফিস ও উপকেন্দ্রে হামলা করতে পারেন- এমন আশঙ্কা থেকেই কর্মকর্তা-কর্মচারীসহ দপ্তর ও উপকেন্দ্রগুলোর নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে চিঠি দেওয়া হয়েছে।

তিনি জানান, জাতীয় গ্রিডে কাজ চলার সময়ও অতীতে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। তখন মাইকিং করে গ্রাহকদের বিষয়টি জানানো এবং প্রশাসনকে লিখিতভাবে অবহিত করা হয়েছিল। বর্তমান পরিস্থিতির বিষয়েও প্রশাসনকে জানানো হয়েছে।

গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, তিনি এখনো চিঠিটি হাতে পাননি। চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App