লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়ায় বাকবিতণ্ডা, যুবকের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়ার জেরে রফিক মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিক ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিন্তপুর গ্রামের শহিদ মাস্টারের বাগানবাড়িতে সালমান ও বশির নামে দুই যুবক মোবাইল ফোনে লুডু খেলছিলেন। এ সময় সেখানে গিয়ে তাদের খেলা দেখছিলেন রফিক। একপর্যায়ে রফিক খেলায় তাদের ‘চাল’ ভুল হচ্ছে বলে মন্তব্য করলে সালমান ও বশির ক্ষুব্ধ হন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
পরে স্থানীয় মাহফুজ মিয়া ও ধলু মিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু এর কিছুক্ষণ পরই সালমান ফের রফিকের সঙ্গে বিরোধে জড়িয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
আরো পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু
স্থানীয়দের দাবি, একপর্যায়ে সালমান রফিককে গলা চেপে ধরেন এবং মারধর করে মাটিতে ফেলে দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রফিকের চাচাতো ভাই জিলু মিয়া বলেন, ‘বশির ও সালমান মুঠোফোনে লুডু খেলছিল। খেলা চলাকালে রফিক তাদের ভুল ধরিয়ে দেয়। এ নিয়েই উত্তেজিত হয়ে তারা রফিককে মারধর করে। এরপরই সে মারা যায়।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুঠোফোনে লুডু খেলাকে কেন্দ্র করে তর্কের জেরে এক যুবক নিহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
