তাঁতীদলের নেতার বাড়িতে হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে উত্তর জেলা তাঁতীদলের নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। জানা গেছে, রবিবার রাত ১২টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার সাগর উপকূলে জগন্নাথ জল দাস ও কমু জল দাসের নৌকা থেকে জোরপূর্বক ইলিশ মাছ ছিনিয়ে নেন দেলোয়ার ও হাসান নামের দুই ব্যক্তি।
এ ঘটনায় জেলেরা স্থানীয় রসুনউজ্জামান বাড়ির তাঁতীদলের নেতা নিজাম উদ্দিনকে (৪৫) বিষয়টি জানান। নিজাম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে জেলেদের কাছ থেকে ইলিশ মাছ ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ করেন এবং মাছ ফেরত দিতে বলেন।
এরপর রাত একটার দিকে যুবদল নেতা মঞ্জুর সহযোগিতায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ দেলোয়ার ৩০-৪০ জন সন্ত্রাসী নিয়ে নিজাম উদ্দিনের ঘরে হামলা চালান বলে অভিযোগ করেন উত্তর জেলা তাঁতীদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন। হামলার সময় ট্রিপল নাইনে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে সন্ত্রাসীরা গা ঢাকা দেয়। পুলিশ পরিদর্শন শেষে ঘটনাস্থল ত্যাগ করলে রাত দুইটার দিকে সন্ত্রাসীরা আবারও এসে লোহার গ্রিল ভেঙে ঘরে ঢুকে নিজামকে খুঁজে না পেয়ে হামলা চালায়।
ভবনের কাঁচ ভাঙে, বৈদ্যুতিক মিটার ভাঙে, মোটরসাইকেল ভাঙে, ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং জিনিসপত্র তছনছ করে। এ সময় হামলাকারীদের বাধা দিতে চাইলে নিজামের সদ্য এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়া মেয়ে মুসফিকা বিনতে নিজাম (১৭)কে ডান হাত ও ডান পায়ে কোপ দিয়ে গুরুতর জখম করা হয়। তার গলার স্বর্ণের চেইন, তার মায়ের স্বর্ণের চেইনসহ সাড়ে তিন ভরি অলংকার নিয়ে যায় এবং নিজাম উদ্দিনের ভাই মুসলিম উদ্দিনকে (৫৫) মারধর করে আহত করে। তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সন্ত্রাসীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে, নগদ ৭০ হাজার টাকা ও সাড়ে তিন ভরি অলংকার নিয়ে যায়। এ ঘটনায় তাঁর ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তাঁতীদলের নেতা নিজাম উদ্দিন।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় কেউ আমাদের কাছে মামলা করতে আসেনি। মামলা রুজু করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
