লক্ষ্মীপুরে বিয়ের ৪ মাসের মাথায় সন্তান প্রসব, অতঃপর...
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের মাত্র চার মাসের মাথায় এক গৃহবধূর সন্তান প্রসবের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্ত্রীকে তালাকনামা পাঠিয়েছেন স্বামী। অন্যদিকে, ওই গৃহবধূ তার পরিস্থিতির জন্য আপন মামাতো ভাইকে দায়ী করে তার সঙ্গে বিয়ে এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে স্বামী মিরাজ হোসেন (২৫) স্ত্রীকে তালাকনামা পাঠান। উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জুলাই চরলক্ষ্মী আখনবাজার গ্রামের এক তরুণীর সঙ্গে চরকাছিয়া গ্রামের বায়রাঘাট এলাকার সাহেব আলী মালের ছেলে ও নৌকার মাঝি মিরাজ হোসেনের বিয়ে হয়। বিয়ের আগে ওই তরুণী স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন।
বিয়ের পর গত ৩১ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন ওই তরুণী। বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান জন্ম দেওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় নানা আলোচনা শুরু হয়। এরই মধ্যে ১১ নভেম্বর স্ত্রীকে তালাকনামা পাঠান মিরাজ।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, তার এ পরিস্থিতির জন্য আপন মামাতো ভাই ও প্রসাধনী ব্যবসায়ী আবুল খায়ের দায়ী। বর্তমানে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় আবুল খায়েরের সঙ্গে বিয়ে এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল খায়ের পলাতক রয়েছেন। তার পরিবারের সদস্যরাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
মিরাজ হোসেন বলেন, বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান প্রসবের বিষয়টি জানার পর খোঁজ নিয়ে জানতে পারেন, তার স্ত্রীর মামাতো ভাই আবুল খায়ের এ ঘটনায় জড়িত। এ কারণে তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন।
এ বিষয়ে দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহমুদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি মীমাংসার জন্য রোববার বিকেলে উভয় পরিবারের সদস্যদের নিয়ে তার কার্যালয়ে সালিশ বৈঠক ডাকা হয়েছে।
