শেখ হাসিনার পুনর্বিচারের কোনো সুযোগ নেই
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
দেশের প্রচলিত আইনে একই অপরাধের পুনর্বিচারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর মতে, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলাও নতুন করে বিচারের সুযোগ নেই।
রোববার (১৫ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে এ কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, আইন অনুযায়ী দণ্ডিত ব্যক্তির আপিল করার সুযোগ রয়েছে। তবে শেখ হাসিনা বিচার মোকাবিলা করেননি এবং নির্ধারিত সময়ের মধ্যে আপিলও করেননি। ফলে এখন তাঁর সামনে নতুন করে বিচার বা আপিলের সুযোগ নেই।
সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে দুটি শর্তের ইঙ্গিত দেওয়া হয়েছে বলে দিল্লির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনা বাংলাদেশ থেকে সামরিক উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন। তাঁকে ফিরিয়ে নিতে হলে একইভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে সামরিক উড়োজাহাজ পাঠিয়ে দিল্লি থেকে তাঁকে ফিরিয়ে আনা অথবা স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থানে গ্রহণ করার বিষয়টি বিবেচনায় থাকতে পারে।
দ্বিতীয় শর্ত হিসেবে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, একই অপরাধের জন্য দ্বিতীয়বার বিচার করার আইনগত সুযোগ নেই। আইনের ভাষায় একে ‘ডি নোভো ট্রায়াল’ বা পুনর্বিচার বলা হয়।
তিনি বলেন, ‘ডি নোভো ট্রায়ালের কোনো বিধান বর্তমানে বাংলাদেশে চালু নেই। ভারত, পাকিস্তান ও বাংলাদেশে একসময় এ ধরনের বিধান থাকলেও পরে তা বাতিল করা হয়েছে। ভারতের আইনে এ বিধান নেই, বাংলাদেশেও তা রহিত করা হয়েছে। পাকিস্তানেও এটি নেই। যে দেশ নিজেরা এ প্রক্রিয়া অনুসরণ করে না, তারা অন্য দেশকে এমন বিচারের পরামর্শ দিচ্ছে। এ ধরনের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি।’
আপিলের সময় কেন পার করলেন, প্রশ্ন চিফ প্রসিকিউটরের
আমিনুল ইসলাম বলেন, ডি নোভো ট্রায়ালের কোনো আইনি প্রক্রিয়া নেই; তবে আপিলের বিধান রয়েছে। ভারত সরকার যে পরামর্শ দিচ্ছে, তারা শুরু থেকেই মামলার বিচারপ্রক্রিয়া সম্পর্কে অবগত ছিল। শেখ হাসিনা ভারতে অবস্থান করার সময় তাঁকে কেন দেশে ফিরে বিচার মোকাবিলা করতে কিংবা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পরামর্শ দেওয়া হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আপিলের সুযোগ সরকারও দিতে পারবে না, আমিও দিতে পারব না। এটা তো তাদের (আওয়ামী লীগ) প্রণীত আইন। আওয়ামী লীগ সরকার ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করে। সেই আইনেই এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছে।’
তিনি আরও বলেন, ২০১০ সালে আওয়ামী লীগ সরকারই ট্রাইব্যুনালের কার্যপ্রণালি বিধিমালা (রুলস অব প্রসিডিউর) প্রণয়ন করেছিল। ২০২৪ সালের আগ পর্যন্ত ওই আইন ও বিধিমালা অনুসারেই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে।
আমিনুল ইসলাম জানান, বর্তমান ট্রাইব্যুনালে নতুন কোনো আইন যুক্ত করা হয়নি। আপিলের বিধানসহ বিদ্যমান আইনেও কোনো পরিবর্তন আনা হয়নি।
