সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪১ এএম
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কার্যালয় ও সাবেক এমপি বাহারের অফিসে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে কুমিল্লায় পাল্টা আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সেখানে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি এবং মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রাতেই নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছেন দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়ি এবং কান্দিরপাড় এলাকায় মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে একই রাতে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এ সময় স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা বলেন, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাড়িতে বিনা কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আগুন দিয়েছেন। এর প্রতিবাদে কুমিল্লায় পলাতক সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। তাদের ভাষ্য, সাধারণ মানুষ এই আগুন দিয়েছে।
এর আগে কুমিল্লার কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্যসচিব সাহেদ পান্না, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেহরাজ, সদস্যসচিব আনোয়ার হোসেনসহ মহানগরীর নেতাকর্মীরা।
