গভীর রাতে দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ এএম
সংগৃহীত ছবি
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম নামে এক হেলপার দগ্ধ হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার সিয়াম। আগুনে তিনি মারা যান।
আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাস থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লিসা পরিবহনের বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার। অন্যদিকে, বাহক পরিবহনের বাসটির মালিক ঝালকাঠির অমিত পাল বলে জানা গেছে।
