ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলি
দায় স্বীকার করে ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হানের ফেসবুক পোস্ট
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রায়হান আলম এ দায় স্বীকার করেন।
নিজের ফেসবুক পোস্টে রায়হান উল্লেখ করেন, সোমবার রাতে তিনি ফটিকছড়ির সুয়াবিল এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বের হন। স্থানীয় চুরখাঁহাট বাজারে গেলে কতিপয় ব্যক্তি তাকে আওয়ামীপন্থি মনে করে গাড়ি আটকানোর চেষ্টা করেন। এ সময় ‘নিজের আত্মরক্ষার্থে’ তিনি গুলি চালাতে বাধ্য হন বলে দাবি করেন।
আটকানোর চেষ্টাকারীদের সঙ্গে নিজের কোনো পূর্ববিরোধ নেই জানিয়ে রায়হান পোস্টে লেখেন, “শান্তভাবে যাচ্ছিলাম, রাস্তা আটকাবি কেন? যারা গুলি খেয়েছেন, ভয় পাওয়ার কারণ নেই; আপনাদের সাথে আমার ঝামেলা ওখানেই শেষ। ভবিষ্যতে গাড়ি আটকাতে গেলে ভেতরে কে আছে সে খোঁজখবর নিও।”
এ ছাড়া আহতদের মধ্যে অসহায় কেউ থাকলে আর্থিক সহায়তার জন্য তাকে ‘ইনবক্সে’ বার্তা পাঠাতে বলেন তিনি।
উল্লেখ্য, সোমবার রাত ৮টার দিকে পশ্চিম সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বোরকা পরা চার ব্যক্তি চুরখাঁরহাট বাজারে আসে। বাজার মোড়ে পৌঁছে তারা অটোরিকশায় বসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এরপর উত্তর দিকে চৌমুহনী মোড়ে গিয়েও তারা ফাঁকা গুলি ছোড়ে। হামলার পর তারা হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় ছয় ব্যক্তি গুলিবিদ্ধ হন।
ঘটনার বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, পুলিশি তৎপরতা টের পেয়ে রায়হান সোমবার রাতে মোটরসাইকেল ও অটোরিকশাযোগে দলবল নিয়ে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিল। চুরখাঁর বাজারের কাছে মোটরসাইকেলে থাকা রায়হানকে স্থানীয় লোকজন চিনতে পেরে আটকানোর চেষ্টা করলে পেছনে থাকা অটোরিকশা থেকে গুলি চালিয়ে দ্রুত সটকে পড়ে।
জানতে পেরেছি সে ফটিকছড়িতে অবস্থান করছে। সন্ত্রাসী রায়হান ও তার সাঙ্গপাঙ্গদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
