সিলেটে হোটেল ঘিরে পুলিশের অভিযান, বদির ছেলে-ভাইসহ আটক ৪
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম
ছবি: সংগৃহীত
সিলেট নগরীর জল্লারপাড় এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে গ্র্যান্ড প্যালেস হোটেল ঘিরে রাখে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল। দীর্ঘ সময় পরিচয় যাচাইয়ের পর বুধবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়।
আটক অপর দুজন হলেন- আব্দুস শুক্কুর ও আমিনুর রহমান আমিন। এছাড়া টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেনকেও আটক করা হয়েছে।
অভিযান শেষে সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিল এই হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোক অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতেই রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। পরবর্তিতে পুরো হোটেলে তল্লাশী চালানো হয়। এক পর্যায়ে এই চারজনের পরিচয় নিশ্চিত হলে তাদের আটক করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে কিংবা কোন মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে, তা এখনো স্পষ্ট করা হয়নি।
