৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪২ এএম
ফাইল ছবি
৫১তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় অংশ নিতে হলে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে হলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় ক্রমে বিন্যস্ত করা হবে। পাশাপাশি প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষভিত্তিক দৈবচয়ন প্রক্রিয়ায় সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হবে।
পিএসসি জানায়, দৈবচয়ন প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের নিজ নিজ আসন ও কক্ষ চিহ্নিত করতে কিছুটা সময় প্রয়োজন হবে। এ কারণে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৯টার পর কাউকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। এ নির্দেশনা প্রবেশপত্র ও পরীক্ষা পরিচালনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাতেও উল্লেখ রয়েছে।
আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে ৫১তম বিশেষ বিসিএসের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট নির্দেশনা যথাসময়ে পিএসসি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক-সংকট কাটাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এই বিসিএসের মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ পাবেন। এ পরীক্ষায় অংশ নিতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন।
সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন ও কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে পিএসসির নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
