×

আওয়ামী লীগ

গোপালগঞ্জে সহিংসতা

আ'লীগ নেতাসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব অবরুদ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫১ এএম

আ'লীগ নেতাসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব অবরুদ্ধ

ফাইল ছবি

গোপালগঞ্জে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট। একই সঙ্গে এসব ব্যক্তির বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেনের তথ্যও যাচাই করা হচ্ছে। এ ছাড়া সন্দেহভাজন আরও চারটি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

এনবিআরের শীর্ষ এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংক হিসাব অবরুদ্ধের তালিকায় সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খান ও তাঁর স্ত্রী আশরাতুন নাহার ছাড়াও গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতারা রয়েছেন। তবে সহিংসতায় অর্থায়নের অভিযোগে নজরদারিতে থাকা চারটি প্রতিষ্ঠানের নাম জানা যায়নি।

জানা গেছে, এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিট যৌথভাবে এসব আর্থিক হিসাব অনুসন্ধানের কাজ করছে। ইউনিটগুলো হলো কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

এর মধ্যে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সংশ্লিষ্ট ব্যক্তিদের কর নথির সঙ্গে আয়-ব্যয়ের হিসাব এবং ব্যাংক ও এমএফএসের লেনদেনের তথ্য মিলিয়ে দেখছে। পাশাপাশি তাঁদের আয়ের উৎসও যাচাই করা হচ্ছে।

ব্যাংক হিসাব অবরুদ্ধের তালিকায় রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন এবং মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার।

এ ছাড়া মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেন এবং মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছার নামও রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একটি গোয়েন্দা ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে আন্দোলন ও সহিংসতার সময় এসব ব্যক্তির মাঠপর্যায়ের রাজনীতিতে ভূমিকা রাখা এবং নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁদের আর্থিক সংশ্লিষ্টতা নিয়ে প্রাথমিক গোয়েন্দা তথ্য পাওয়ার ভিত্তিতে ব্যাংক হিসাব অবরুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা জানান, আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও অর্থায়নের মাধ্যমে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে—এমন ব্যক্তিদের ব্যাংক হিসাবের পাশাপাশি ডিজিটাল লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে। বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন এমএফএস হিসাবের লেনদেনের তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে একাধিক সহিংসতা, সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হোটেল ঘিরে পুলিশের অভিযান, বদির ছেলে-ভাইসহ আটক ৪

সিলেটে হোটেল ঘিরে পুলিশের অভিযান, বদির ছেলে-ভাইসহ আটক ৪

আ'লীগ নেতাসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব অবরুদ্ধ

গোপালগঞ্জে সহিংসতা আ'লীগ নেতাসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব অবরুদ্ধ

জাতীয় ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি, পাঠানো হলো কাফনের কাপড়-চিরকুট

জাতীয় ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি, পাঠানো হলো কাফনের কাপড়-চিরকুট

মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ যারা

মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App