কাদের, কামাল ও হারুনসহ ৮৪ জনের মামলা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:০৬ পিএম
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. আব্দুল্লাহ বাবু গুলিবিদ্ধ হয়ে চোখের দৃষ্টি হারানোর ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালসহ ৮৪ জনকে আসামি করে মামলা হয়েছে। গত রবিবার বাবুর বাবা মো. আব্দুল বারিক শেখ বাদী হয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। বারিক ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়ার ইজ্জত আলীর ছেলে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন- পুলিশের সাবেক মহাপরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক মহাপরিদর্শক পরিচালক মো. খোরশীদ হোসেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশিদ, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার বিপ্লব কুমার, সাবেক ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মান্নাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহি, ঢাকার দক্ষিণ মহানগরের যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, টুটুল, রফিকুল ইসলাম, মশিউর রহমান সজল, মইন উদ্দিন, রাগিব আহসানসহ (সিটি টোল) ৮৪ জন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই যাত্রাবাড়ী গোলাপবাগে চলছিল কোটাবিরোধী আন্দোলন। মিছিলের সামনে ছিলেন মো. আব্দুল্লাহ বাবু। হঠাৎ একটি বাসার ভেতর থেকে বেরিয়ে এসেই পুলিশ সরাসরি রাবার বুলেট ছুটতে থাকে। তার চোখ, মুখ-নাকেও গুলিবিদ্ধ হন। বাবু থাকতেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায়।
