শামা ওবায়েদের হুঁশিয়ারি
নিজাম নকিব, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০১:২৬ পিএম
ছবি: কাগজ প্রতিবেদক
ফরিদপুরে অনুষ্ঠিত এক স্মরণসভায় দেশের উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
সোমবার (২৩ মার্চ) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে কেউ বাধা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, তার নাম ব্যবহার করে অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করা হলে তাও বরদাস্ত করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে ইতোমধ্যে লিখিতভাবে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, কেএম ওবায়দুর রহমান ছিলেন একজন দৃঢ়চেতা ও সাংগঠনিকভাবে শক্তিশালী নেতা, যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তার আদর্শ অনুসরণ করতে হলে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান, যাতে দল ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা যায়।
স্মরণসভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা জহুরুল হক শাহজাদা মিয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল খান পলাশ, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান টুলু, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদসহ উপজেলা পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মরহুম কেএম ওবায়দুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
