×

ঢাকা

তপ্ত দুপুরে তালশাঁসে প্রশান্তি

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৩:৫২ পিএম

তপ্ত দুপুরে তালশাঁসে প্রশান্তি

ছবি: সংগৃহীত

প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি এনে দিচ্ছে তালশাঁস। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে এখন পথচারী ও শ্রমজীবী মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই মৌসুমি ফল।

দুপুরের তীব্র রোদ আর ভ্যাপসা গরমে ক্লান্ত মানুষ একটু প্রশান্তির খোঁজে ভিড় করছেন তালশাঁসের দোকানে। বাজারের এক পাশে ছাতা টাঙিয়ে তাল বিক্রি করছেন মো. শাহাবুদ্দিন। ধারালো দা দিয়ে কাঁচা সবুজ তাল কেটে মুহূর্তেই বের করে দিচ্ছেন স্বচ্ছ ও নরম শাঁস। কেউ দাঁড়িয়ে খাচ্ছেন, কেউ আবার পরিবারের জন্য নিয়ে যাচ্ছেন।

শাহাবুদ্দিন বলেন, “সিজন মাত্র শুরু হইছে। এখনো পুরোপুরি তাল বাজারে আসে নাই। বড় তাল ৫০ থেইকা ৬০ টাকা আর মাঝারি-ছোট তাল ৩০ থেইকা ৪০ টাকায় বিক্রি হইতেছে।” তিনি জানান, এসব তাল বরিশাল, ভোলা ও চাঁদপুরের কচুয়া এলাকা থেকে আনা হয়। মৌসুমের শুরু হওয়ায় দাম কিছুটা বেশি থাকলেও সরবরাহ বাড়লে দাম কমবে বলে আশা করছেন তিনি।

সম্প্রতি বাজার ঘুরে দেখা যায়, রিকশাচালক, দিনমজুর, শিক্ষার্থী ও অফিসগামী মানুষসহ নানা বয়সী ক্রেতারা তালশাঁস কিনছেন। অনেকে রাস্তার পাশে দাঁড়িয়ে খাচ্ছেন, আবার কেউ ঠান্ডা পানীয়ের বদলে বেছে নিচ্ছেন এই প্রাকৃতিক ফল।

পৌর শহরের রাধানগর গ্রামের ব্যবসায়ী কালাম মিয়া বলেন, “এই গরমে ঠান্ডা কিছু না খাইলে শরীর টিকে না। ছোটবেলা থেইকা তালশাঁস খাই। এটা খাইলে শরীর ঠান্ডা লাগে।” কলেজছাত্রী নাছিমা আক্তার মৌ বলেন, “ফ্রিজের কৃত্রিম ঠান্ডা পানীয়ের চেয়ে প্রাকৃতিক ফল অনেক ভালো। তালশাঁস খেলে শরীর সতেজ লাগে।”

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, কয়েক দিন ধরেই এ অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। এতে বিশেষ করে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, “অতিরিক্ত গরমে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। এ সময় বেশি বেশি পানি, ফল ও প্রাকৃতিক তরলজাতীয় খাবার খাওয়া প্রয়োজন। তালশাঁস শরীরকে শীতল রাখতে সহায়তা করে। তবে বাইরে খোলা খাবার খাওয়ার ক্ষেত্রে পরিচ্ছন্নতার বিষয়েও সতর্ক থাকতে হবে।”

গ্রীষ্মের দাবদাহের মধ্যেও তালশাঁস যেন গ্রামবাংলার এক চিরচেনা প্রশান্তির নাম। শহরের ব্যস্ততার মাঝেও এই মৌসুমি ফল এনে দিচ্ছে সাময়িক স্বস্তি ও শীতলতার অনুভূতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

ডিএমপি কমিশনার পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App