দেশ ছাড়েননি, আগাম জামিন চেয়েছেন সেই শিশুর বাবা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম
ছবি: সংগৃহীত
টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে আলোচনায় থাকা শিশুটির বাবা শাহজালাল রুমি দেশ ছেড়ে যাননি। তার বিরুদ্ধে হওয়া মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন আবেদন করেছেন তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) রুমির আইনজীবী এইচ. এম রুহুল আমীন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী বলেন, টঙ্গীর আলোচিত রুমি আইনি সহায়তার জন্য সোমবার (২৬ অক্টোবর) রাতে আমার চেম্বারে অনেকক্ষণ অবস্থান করেন। তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। তবে শুনানি কবে তা জানা যায়নি।
টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ক্বরীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উপাধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২১ অক্টোবর মাদ্রাসায় গিয়ে অভিযুক্তকে মারধর করেন শিশুর পিতা শাহজালাল রুমি।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় মামলা হলে মোসলেমকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এরপর মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে শাহজালাল রুমির বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
পাল্টা মামলা দায়েরের পর থেকেই শাহজালাল রুমি আড়ালে চলে যান। আর গতকাল সোমবার (২৬ অক্টোবর) খুদেবার্তায় দেশ ছেড়েছেন বলে জানান তিনি। বার্তায় রুমি বলেন, আমি এই দেশে আর নেই। এগুলো নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।
