তাসনিম জারার পদত্যাগের বিষয়ে এবার মুখ খুললেন এমপি নুসরাত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পিএম
ছীব : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেছেন, তাসনিম জারার পদত্যাগের বিষয়ে তাঁদের কাছে সবকিছু পরিষ্কার করা হয়নি। এ কারণে তখন তিনি ক্ষুব্ধ ছিলেন। তবে তাসনিম জারার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, শুধু জামায়াতের সঙ্গে জোট গঠনের কারণেই তিনি পদত্যাগ করেছেন—এমন ধারণা করা ঠিক হবে না।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি তাসনিম জারা আপাকে অনেক সম্মান করি। উনি জোট ঘোষণার পরপর পদত্যাগ করেন। তিনি তখন পিসি মেম্বার ছিলেন। আমি তখন এক্সিকিউটিভ বোর্ডের মেম্বার ছিলাম। আমি রাগান্বিত ছিলাম, কারণ তাঁর পদত্যাগ নিয়ে কখন কী হয়েছে, সেটি আমাদের কাছে পরিষ্কার করা হয়নি।’
নুসরাত তাবাসসুম বলেন, জামায়াতের সঙ্গে জোট গঠনের আলোচনা প্রক্রিয়ায় তাসনিম জারা যুক্ত ছিলেন। আলোচনা শেষে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। তাসনিম জারার এ সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নুসরাত বলেন, প্রত্যেকেরই নিজস্ব রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষা, পরিকল্পনা ও উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে।
তিনি আরও বলেন, ‘তিনি শুধু জামায়াতের সঙ্গে জোটের জন্য পদত্যাগ করেছেন—এটা বলা ভুল। এর পেছনে আরও অনেক কারণ থাকার সম্ভাবনা রয়েছে।’
নির্বাচনের আগে এনসিপিতে ভাঙন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এনসিপিতে ভাঙন দেখা দেয়। দলটির কয়েকজন পরিচিত নেতা পদত্যাগ করে দল থেকে সরে যান। তাঁদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। এ ছাড়া দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও দল ছাড়েন।
সে সময় সামান্তা শারমিনসহ আরও কয়েকজন শীর্ষ নেতার দল ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাঁরা এনসিপিতে থেকে যান।
নির্বাচনের পর থেকে পদত্যাগ করা নেতাদের দলে ফেরানোর চেষ্টা চালিয়ে আসছে এনসিপি। সম্প্রতি দলটির কয়েকজন নেতার বক্তব্যেও পদত্যাগীদের ফিরিয়ে আনার বিষয়ে আগ্রহ প্রকাশ পেয়েছে।
