গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকাগামী এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে গাজীপুরের পূবাইল রেলওয়ে স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পর চলন্ত ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে যাত্রী, রেলকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি পূবাইল স্টেশন অতিক্রম করে কিছুটা দূর যাওয়ার পর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। একপর্যায়ে ইঞ্জিনে আগুন ধরে যায়। বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি থামানো হয়। এরপর যাত্রীরা দ্রুত নেমে আগুন নেভানোর চেষ্টা করেন।
এ সময় ট্রেনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ব্যবহার করা হয়। পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দারাও আগুন নেভাতে এগিয়ে আসেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।
রেলের সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ বিষয়ে এখনো রেলওয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণও নিশ্চিত হওয়া যায়নি।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছিল এবং সামান্য আগুন ছিল। বর্তমানে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
