×

আন্তর্জাতিক

এনভিডিয়ার সিইওকে নিজের কোম্পানিতে চাকরি দিতে চান মাস্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম

এনভিডিয়ার সিইওকে নিজের কোম্পানিতে চাকরি দিতে চান মাস্ক

ইলন মাস্ক ও জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীত

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগের খবরে প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে সংশ্লিষ্টতা এবং প্রতিষ্ঠানের অধস্তন একাধিক কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের বিতর্কের মধ্যে তাঁর পদত্যাগের পর এবার তাঁকে নিজের প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। হুয়াংকে নিয়োগ দেওয়া সম্মানের বিষয় হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারী ‘ইলন, অনুগ্রহ করে জেনসেনকে নিয়োগ দিন’ বলে পোস্ট করলে এর জবাবে ৫৫ বছর বয়সী মাস্ক লেখেন, ‘তা হবে এক সম্মানের বিষয়।’

বৃহস্পতিবার সকালে সিলিকন ভ্যালির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ঘোষণা করে, নিজ প্রতিষ্ঠানের এক নির্বাহীর সঙ্গে দ্বিতীয় বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর ৬৩ বছর বয়সী হুয়াং সিইও, প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ৯০৭ বিলিয়ন ডলারের সম্পদের মালিক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কই কেবল হুয়াংয়ের প্রতি সমর্থন জানাননি। এই বিতর্কের জেরে এনভিডিয়ার বাজারমূল্য থেকে শত শত বিলিয়ন ডলার কমে যাওয়ার পরও প্রযুক্তি খাতের আরও অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত স্বয়ংক্রিয় অস্ত্র তৈরির জন্য পরিচিত মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিলের সহ-প্রতিষ্ঠাতা ও ধনকুবের পালমার লাকি বুধবার রাতে এক্সে লেখেন, ‘চীন চায় জেনসেন বাইরে থাকুক, তাই আমি তাঁকে ভেতরে চাই।’

এআইকেন্দ্রিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান কনভিকশনের প্রতিষ্ঠাতা ও সিলিকন ভ্যালির বিনিয়োগকারী সারা গুও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে হুয়াংয়ের পক্ষে অবস্থান নেন। তিনি লেখেন, ‘আমাদের আনুগত্য ও জবাবদিহিতা দাবি করা উচিত, কিন্তু সাধুতা নেতৃত্বের প্রবেশমূল্য হতে পারে না।’ হুয়াংকে ‘সর্বকালের অন্যতম অসাধারণ উদ্যোক্তা’ উল্লেখ করে তিনি বলেন, ‘মহত্ত্ব ভালোত্বের নিশ্চয়তা দেয় না।’

এদিকে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, তারা একজন স্থায়ী উত্তরসূরি খুঁজছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাইরের প্রার্থীদের বিবেচনায় নেওয়া হবে। হুয়াংয়ের সুস্পষ্ট কোনো উত্তরসূরি না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রোববার অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করার পর থেকেই কোম্পানিটির শেয়ারের দরপতন চলছে।

বৃহস্পতিবার এনভিডিয়ার চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থায়ী উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি বর্তমান দায়িত্বের পাশাপাশি এ দায়িত্বও পালন করবেন। এ ছাড়া ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং সিনপসিসের সাবেক সিইও হার্ভে জোন্স প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

এনভিডিয়ার সিইওকে নিজের কোম্পানিতে চাকরি দিতে চান মাস্ক

এনভিডিয়ার সিইওকে নিজের কোম্পানিতে চাকরি দিতে চান মাস্ক

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

পেঁয়াজ এখন কৃষকের গলার কাঁটা

পেঁয়াজ এখন কৃষকের গলার কাঁটা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App