বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
ফাইল ছবি
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে এটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে এটি অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। গণমাধ্যমকে তিনি বলেন, ‘এটি নিম্নচাপে পরিণত হবেই। এরপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।’
লঘুচাপটির সম্ভাব্য গতিপথ সম্পর্কে তিনি বলেন, নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি কোন দিকে অগ্রসর হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এখন পর্যন্ত এর সম্ভাব্য গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে রয়েছে। তবে নিম্নচাপ সৃষ্টি হলে গতিপথ সম্পর্কে আরও পরিষ্কারভাবে জানা যাবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে, ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
