গোপালগঞ্জে থানা পোড়ানোর বিষয়ে যা বললেন আইজিপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ দায়িত্ব পালন করবে। তবে এ কাজে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। থানা ও পুলিশের স্থাপনায় হামলা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করা হলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম ব্যাহত হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করবে। শুক্রবার পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। আগামীতেও পরিস্থিতি ভালো থাকবে।’
সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে থানা ও পুলিশের স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই থানাগুলো আপনাদেরই জন্য। আপনারা যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ বাহিনী কাজ করবে কীভাবে? দেশে যদি আইন না থাকে, আপনারা সহযোগিতা না করেন, তাহলে পুলিশ কাজ করতে পারবে না। যদি মনে করেন এখানে পুলিশ থাকবে না, তাহলে আপনারাই আপনাদের আইনশৃঙ্খলা পরিচালনা করেন।’
তিনি আরও বলেন, একটি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার দায়িত্ব শুধু পুলিশের একার নয়। এ জন্য স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। পুলিশকে দায়িত্ব পালনের উপযোগী পরিবেশ দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও যানবাহন জনগণের নিরাপত্তা নিশ্চিত করার কাজে ব্যবহৃত হয়। এসব স্থাপনায় হামলা হলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়।
আইজিপি বলেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পরিস্থিতি যাতে আর অবনতি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা এড়িয়ে চলতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা অব্যাহত থাকলে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে।
