সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজন রিমান্ডে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের সাত দিন এবং মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২০ নভেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক মো. সেলিম রেজা তিন আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামিদের পক্ষে অ্যাডভোকেট এস এম দৌলত-এ-খুদা ও তাছলিমা জাহান পপি রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর হারুন-অর-রশীদ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলন, ধানমন্ডি থেকে মিজানুর রহমান এবং আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে অভিনেতা তমালকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়।
এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদী।
রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তার তিনজন ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। এ ছাড়া মামলার পলাতক আসামিদের সঙ্গে তাঁদের যোগাযোগ থাকার তথ্যও মিলেছে।
আবেদনে আরও অভিযোগ করা হয়, আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন। বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন তাঁরা।
মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাঁদের গ্রেপ্তার, অর্থের উৎস শনাক্ত এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের স্বার্থে তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। এ কারণে তাঁদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল।
