রামুতে ট্রেন-অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের শিশুসহ নিহত ৪
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের পর রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি-উমখালী সড়কের একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারগামী একটি ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের তীব্রতায় অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই দুই ভাই-বোনের মৃত্যু হয়। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।
নিহত ব্যক্তিদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
