স্বামীর সঙ্গে বিরোধের জেরে বিষপান, ২০ দিনের ব্যবধানে শেষ একই পরিবারের তিন প্রাণ
কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি ও পারিবারিক বিরোধের জেরে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করা আছিয়া বেগমের (২৮) পরিবারের আর কেউ বেঁচে নেই। বিষপানের ঘটনায় প্রথমে মারা যায় তার ১৯ মাস বয়সী ছেলে জিসান। পাঁচ দিন পর মৃত্যু হয় আছিয়ার। সর্বশেষ ঘটনার ২০ দিন পর গত ২২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে পাঁচ বছর বয়সী মেয়ে তাবিয়া মিনহা।
এ ঘটনায় বেঁচে আছে শুধু আছিয়ার ১০ বছর বয়সী বড় ছেলে দ্বীন ইসলাম। ঘটনার দিন সে মাদ্রাসায় থাকায় প্রাণে রক্ষা পায়। মা ও দুই ভাইবোনকে হারিয়ে শিশুটি এখন অসহায়। এদিকে আছিয়ার স্বামী আমিনুর শেখও রয়েছেন পলাতক।
গত ৩ নভেম্বর বোয়ালমারী পৌরসভার কলারন গ্রামে বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করেন আছিয়া। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনের মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে বোয়ালমারীর রূপাপাত গ্রামের আমিনুর শেখের সঙ্গে আছিয়ার বিয়ে হয়। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। এর মধ্যে যৌতুকের জন্য চাপ, তালাকের হুমকি এবং স্বামীর দ্বিতীয় বিয়ের খবর আছিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এসব বিরোধের জেরেই তিনি সন্তানদের নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ পরিবারের।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় আগেই একটি মামলা হয়েছে। আছিয়াকে আসামি করে মামলাটি করেছিলেন তার স্বামীর পরিবারের সদস্যরা। তবে আছিয়া মারা যাওয়ায় ওই মামলা থেকে তিনি অব্যাহতি পাবেন।
ওসি আরও জানান, স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৬ ধারায় মামলা করা হবে। এ ছাড়া তার বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক।
