×

জাতীয়

রয়টার্সকে শামা ওবায়েদ

‘দেশে ফিরলে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে শেখ হাসিনাকে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

‘দেশে ফিরলে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে শেখ হাসিনাকে’

ফাইল ছবি

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা মাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে এবং তাঁর বিরুদ্ধে আইন নিজস্ব গতিতে চলবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এবং নতুন করে রাজপথে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে শামা ওবায়েদ জানান, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ঢাকা চেষ্টা চালাচ্ছে। বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী, একজন দণ্ডিত আসামি হিসেবে নয়াদিল্লি তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে আশা করছে সরকার। ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। তবে এর আগে গত এপ্রিলে মন্ত্রণালয়টি জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ তারা পর্যালোচনা করছে।

২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। একই সঙ্গে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, ওই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন। তবে সরকার তাঁর আবেদন প্রত্যাখ্যান করেছে।

এদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে আওয়ামী লীগের সমর্থকেরা চলতি মাসে সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। এসব কর্মসূচির শেষ আয়োজন ছিল ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় একাধিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করেছে পুলিশ। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক আহত হয়েছেন।

এসব সহিংসতাকে শেখ হাসিনার দলের টিকে থাকার কৌশল হিসেবে অভিহিত করেছেন শামা ওবায়েদ। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এসব ঘটনার জন্য বর্তমান সরকারকে দায়ী করেছেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারতকে সঙ্গে নিয়ে বাংলাদেশ এমন একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়, যেখানে দেশের মর্যাদা, আত্মসম্মান ও জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না।

সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানকে ঘিরে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায়ের পর দেশটির ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে ঢাকা।

প্রতিমন্ত্রী বলেন, আদালতের এ রায় বাংলাদেশ ও রোহিঙ্গা সম্প্রদায়কে ন্যায়বিচারের জন্য লড়াই করার শক্তি জোগাচ্ছে। মিয়ানমারই এই সংকট তৈরি করেছে, তাই এর সমাধানের দায়িত্বও দেশটির।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালকে ১.৬ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে ভারত

নেপালকে ১.৬ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে ভারত

‘দেশে ফিরলে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে শেখ হাসিনাকে’

রয়টার্সকে শামা ওবায়েদ ‘দেশে ফিরলে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে শেখ হাসিনাকে’

এবার মানহানির মামলা করলেন তানজিন তিশা

এবার মানহানির মামলা করলেন তানজিন তিশা

‘পেট্রাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা’

বিজেপি নেতার দাবি ‘পেট্রাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App