×

ভারত

নেপালকে ১.৬ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

নেপালকে ১.৬ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে ভারত

ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশ নেপালকে ২৪ হাজার কোটি নেপালি রুপির অর্থনৈতিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। মার্কিন ডলারে যার পরিমাণ প্রায় ১.৬২ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ১৫ হাজার কোটি ভারতীয় রুপি। সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুই দিনের সফরে বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন নেপালের প্রধানমন্ত্রী শাহ। গত মার্চে ক্ষমতায় আসার পর এটিই তার প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর। দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, উন্নয়ন এবং সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার বিষয়গুলো গুরুত্ব পায়।

গত আগস্টে হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা আঘাত হানে। এতে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হন। এ ছাড়া আরও প্রায় ৫ হাজার ২০০ মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মৃত বলে ধারণা করা হচ্ছে। বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অবকাঠামো, যোগাযোগব্যবস্থা ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ভারতের ঘোষিত অর্থনৈতিক সহায়তা দেশটির পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নেপালের নতুন প্রধানমন্ত্রীর ভারত সফরকে দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরেই ভারত ও নেপালের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, অবকাঠামো এবং উন্নয়ন সহযোগিতার সম্পর্ক রয়েছে। নতুন অর্থনৈতিক সহায়তার ঘোষণা দুই দেশের সহযোগিতার পরিধি আরও বাড়াতে পারে।

ভারতীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ২৪০ বিলিয়ন নেপালি রুপির সহায়তা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ১৬২ কোটি মার্কিন ডলারের সমান। তবে অর্থ ছাড়ের সময়সূচি, খাতভিত্তিক বরাদ্দ এবং বাস্তবায়ন পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই সহায়তা নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ, জনবসতি পুনর্বাসন এবং ঘরবাড়ি ও জীবিকা হারানো মানুষের পাশে দাঁড়াতে কাজে লাগবে।

তিনি আরও বলেন, ভারত ও নেপাল কেবল প্রতিবেশী দেশ নয়, বরং দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বের গভীর সম্পর্ক রয়েছে। দুই দেশের আশা-আকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জও অনেকটা একই রকম। কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোই এই সম্পর্কের অন্যতম বৈশিষ্ট্য।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নেতৃত্বের প্রশংসা করে মোদি বলেন, নেপালের জনগণ তাকে যে ঐতিহাসিক ম্যান্ডেট দিয়েছে, তা দেশটির নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।

এদিকে বৈঠকে ভারতের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বালেন্দ্র শাহ। তিনি বলেন, নেপাল ও ভারতের সম্পর্ক হিমালয়ের মতো অটল এবং মহাসাগরের মতো বিশাল। দুই দেশের বন্ধন এতটাই গভীর যে তা ভাষায় প্রকাশ করা কঠিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালকে ১.৬ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে ভারত

নেপালকে ১.৬ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে ভারত

‘দেশে ফিরলে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে শেখ হাসিনাকে’

রয়টার্সকে শামা ওবায়েদ ‘দেশে ফিরলে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে শেখ হাসিনাকে’

এবার মানহানির মামলা করলেন তানজিন তিশা

এবার মানহানির মামলা করলেন তানজিন তিশা

‘পেট্রাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা’

বিজেপি নেতার দাবি ‘পেট্রাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App