দিনেদুপুরে বাসে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
ছবি : সংগৃহীত
সাভারে দিনদুপুরে পার্কিং করে রাখা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের প্রায় পুরো অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির ভেতরের প্রায় সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং প্রাথমিক তদন্তে বাসটিতে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, এক প্রত্যক্ষদর্শীর দাবি, মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
তবে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, বাসটি গত দুই দিন ধরে ওই স্থানে পার্কিং করা ছিল। বাসটি গ্যাসচালিত বলে ধারণা করা হচ্ছে। রোদের তীব্র তাপেও বাসটিতে আগুন লাগতে পারে।
বাসটিতে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, বর্তমানে এমনিতেও আগুন লাগলে সেটিকে নাশকতা হিসেবে বিবেচনা করা হয়।
