গোলাম পরওয়ার
গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম
ফাইল ছবি
গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে এ কথার পাশাপাশি এটিও সত্য যে শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। যে শ্রমনীতি শ্রমিকের দুবেলা খাবার ও চিকিৎসার ন্যূনতম অধিকার নিশ্চিত করতে পারে না, তা পরিবর্তন করে ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।
চট্টগ্রাম বন্দর ও দেশের সম্পদ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, দেশের সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনা করার সক্ষমতা অর্জন করতে হবে। চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ন করে বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না।
প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশ সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। তবে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো ধরনের বিদেশি আধিপত্য মেনে নেবে না।
জাতীয় ঐক্য ও জুলাই সনদ প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সংকটকালে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে আমরা একমত। কিন্তু জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকারই জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণরায়কে উপেক্ষা করা যায় না। গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে।
সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ২০২৭-২০২৮ সেশনের জন্য এস এম লুৎফর রহমানকে পুনরায় চট্টগ্রাম মহানগরী সভাপতি নির্বাচিত এবং আবু তালেব চৌধুরীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। নির্বাচন পরিচালনা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সহসভাপতি হারুনুর রশিদ খান, মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইসহাক।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান শ্রমিক ও মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সব শ্রম সেক্টরে শ্রমিক সংগঠনের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, মূল্যস্ফীতির সঙ্গে সংগতি রেখে গার্মেন্টস কর্মীদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ এবং চট্টগ্রাম বন্দরের টার্মিনালসংক্রান্ত যেকোনো চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানান।
সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, শ্রমিক-জনতার অধিকার প্রতিষ্ঠা ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব নয়। চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান জানান।
ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সম্মেলনটি যৌথভাবে সঞ্চালনা করেন মহানগরী সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম ও ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, মহানগরী সেক্রেটারি নুরুল আমিন, সংসদ সদস্য জহিরুল ইসলাম, লেখক ও অনুবাদক আলী আহমাদ মাবরুর প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সাইফুল্লাহ মানসুর।
