স্ত্রীদের মধ্যে বিরোধ, ক্ষুব্ধ হয়ে হত্যার পর মাটিচাপা দিলেন দুই ভাই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের ঝাড়খণ্ডে দুই জা’য়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে তাদের হত্যার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। হত্যার পর অ্যাম্বুলেন্সে করে মরদেহ পাশের জেলার একটি জঙ্গলে নিয়ে পুঁতে রাখেন তারা। এ ঘটনায় দুই ভাইয়ের পাশাপাশি তাদের বাবা-মাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) ঝাড়খণ্ডের গুমলা জেলায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুই ভাই হলেন শিবশঙ্কর সাহু ও নবীন সাহু। নিহতরা হলেন শিবশঙ্করের স্ত্রী মিনি প্রিয়া (২৮) এবং নবীনের স্ত্রী রাধিকা কুমারী (২০)।
গুমলা জেলার পুলিশ সুপার হারিস বিন জামা জানান, দুই জা’য়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন তাদের স্বামীরা। যদিও হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগে দুই জা নিজেদের বিরোধ মিটিয়ে নিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শিবশঙ্কর পেশায় একজন অ্যাম্বুলেন্সচালক। সোমবার দুই ভাই তাদের স্ত্রীদের হত্যা করে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যান পাশের সিমডেগা জেলার একটি জঙ্গলে। সেখানে মরদেহ মাটিচাপা দিয়ে রাখেন তারা।
পুলিশ সুপার জানান, মঙ্গলবার প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই ভাই দাবি করেন, তাদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিমডেগা জেলার জঙ্গল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে মাটি খুঁড়ে বের করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, সোমবার সকাল ৯টার দিকে নিহত দুই নারীর পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কথা বলেছিলেন। তখন তাদের আচরণ ও পরিস্থিতি স্বাভাবিক মনে হয়েছিল পরিবারের সদস্যদের কাছে। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত কুড়াল এবং মরদেহ পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ।
এ ছাড়া অভিযুক্ত দুই ভাইয়ের বাবা সমেশ্বর সাহু এবং মা তিলেশ্বরী দেবীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে তাদের সুনির্দিষ্ট ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি পুলিশ।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন এবং তদন্তের অন্যান্য তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: পিটিআই, এনডিটিভি
