শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:২৫ পিএম
ছবি: সংগৃহীত
চলচ্চিত্রে সাফল্য, অভিনয় দক্ষতা কিংবা জনপ্রিয়তার পাশাপাশি বর্তমান সময়ে তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় উপস্থিতি ভক্তদের আগ্রহের অন্যতম বিষয়। বিশেষ করে ফেসবুকে অনুসারীর সংখ্যা একজন তারকার ডিজিটাল জনপ্রিয়তার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। যদিও এটি অভিনয়গুণ বা ক্যারিয়ারের একমাত্র মানদণ্ড নয়, তবুও ভক্তদের সঙ্গে সংযোগ এবং অনলাইন প্রভাবের ক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে।
বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের নায়িকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় শীর্ষে রয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমানে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি। দ্বিতীয় স্থানে আছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা, যিনি এক কোটিরও বেশি অনুসারীর মাইলফলক অতিক্রম করেছেন। এছাড়া অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া ও বিদ্যা সিনহা মিম—এই তিন অভিনেত্রীর প্রত্যেকেরই অনুসারী সংখ্যা ৫০ লাখের বেশি।
৫. বিদ্যা সিনহা মিম
তালিকার পঞ্চম স্থানে রয়েছেন বিদ্যা সিনহা মিম। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর শোবিজে যাত্রা শুরু করেন তিনি। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় আমার আছে জল সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। এরপর সাপলুডু, পরাণ, দামাল, ইত্তেফাক, অন্তর্জাল ও মালিকসহ একাধিক আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি একটি ওয়েব ফিল্মেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় মিমের ফেসবুক অনুসারী বর্তমানে ৬৬ লাখের বেশি।
আরো পড়ুন: ‘তরুণীকে ধর্ষণের হুমকি’ প্রতিবাদে যা বললেন ভূমি
৪. নুসরাত ফারিয়া
চতুর্থ স্থানে রয়েছেন নুসরাত ফারিয়া। মডেলিং ও উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করে যৌথ প্রযোজনার আশিকী সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও পরিচিত তিনি। বঙ্গবন্ধু চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় এবং সর্বশেষ জ্বীন থ্রি সিনেমায় কাজ করে আলোচনায় ছিলেন। নতুন ওয়েব ফিল্মের প্রস্তুতির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় এই অভিনেত্রীর ফেসবুক অনুসারী ৭২ লাখের বেশি।
৩. অপু বিশ্বাস
তৃতীয় অবস্থানে রয়েছেন অপু বিশ্বাস। পরিচালক আমজাদ হোসেনের কাল সকালে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দুই দশকের ক্যারিয়ারে প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে নতুন সিনেমার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণামূলক কাজেও অংশ নিচ্ছেন। ফেসবুকে নিয়মিত নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন অপু। তাঁর অনুসারী সংখ্যা বর্তমানে ৯৪ লাখের বেশি।
২. পূর্ণিমা
দ্বিতীয় স্থানে আছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেকের পর মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, বিয়ের প্রস্তাব, পরাণ যায় জ্বলিয়া রেসহ বহু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করে দেশের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী এখন অভিনয়ে তুলনামূলক কম নিয়মিত হলেও উপস্থাপনা ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয় রয়েছেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্ত নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। বর্তমানে তাঁর ফেসবুক অনুসারীর সংখ্যা এক কোটিরও বেশি।
১. পরীমনি
নাটক দিয়েই অভিনয়জীবন শুরু পরীমনির। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ছিল ইদ্রিস হায়দার পরিচালিত ‘সেকেন্ড ইনিংস’, যেখানে ইলিয়াস কাঞ্চন, চম্পাসহ অনেক অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করেন পরীমনি। এরপর চলচ্চিত্রে অভিনয়ের শুরুটা শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই প্রায় ৩০টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। এক দশকের বেশি সময়ের অভিনয়জীবনে পরীমনি অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। এর মধ্যে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ তার ক্যারিয়ারের অন্যতম প্রশংসিত কাজ। চিত্রনায়িকা পরীমনি সিনেমায় অভিনয় নিয়ে যতটা না আলোচিত হতে পেরেছেন, ব্যক্তিজীবনের নানা ঘটনায় তিনি ততটাই সমালোচিত হয়েছেন।
ফেসবুক অনুসারীর সংখ্যায় তিনি ঢালিউডের অন্য সব নায়িকাকে ছাড়িয়ে গেছেন। বর্তমানে পরীমনির ফেসবুক অনুসারী ১ কোটি ৭০ লাখের বেশি।
