মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইনের বিতর্কিত ধারা সংশোধনের আহ্বান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম
এইচআরএসএস’র লোগো
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার ক্ষুন্ন হওয়ার আশঙ্কা নিয়ে ‘মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার সুরক্ষা: আইন, বাস্তবতা ও মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর উদ্যোগে এ গোলটেবিল আলোচনা শুরু হয়।
এইচআরএসএস’র নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের সভপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য মানবাধিকারকর্মী মো. নুর খান, অন্তবর্তীকালীন সরকারের প্রেস সচিব ও ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্লাস্টের উপদেষ্টা ব্যারিষ্টার প্রিয়া আহসান চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ, ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মশরুর, ডেইলি স্টারের জেষ্ঠ্য প্রতিবেদক জাইমা ইসলাম। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আইন ও সালিশ কেন্দ্রের উপদেষ্টা মাবরুর মোহাম্মদ মাবরুক মোহাম্মদ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিসের সহকারী মানবাধিকার বিষয়ক কর্মকর্তা সায়মা শ্যানন।
এসময় মতপ্রকাশের কারণে ভুক্তভোগী হওয়ায় নিজ অভিজ্ঞতা, ভোগান্তি ও সামগ্রিক বিষয়াদি বর্ণনা করেন ময়ময়সিংহের ভালুকায় ফেসবুক লাইভে বর্তমান সরকারকে সমালোচনা করে ক্ষোভ প্রকাশের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৫১ ধারায় আটক হওয়া নারী উদ্যোক্তা সাথী আক্তার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের প্রধানমন্ত্রী ও চিফ হুইপকে নিয়ে সমালোচনায় সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত মামলার আসামী কন্টেন্ট কিয়েটর এ এম হাসান নাসিম।
গোলটেবিল আলোচনার শুরুতে ‘সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা: বিতর্কিত ধারাগুলো সংশোধনের আহ্বান’ শীর্ষক সুপারিশ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন উপস্থাপন করেন এইচআরএসএস’র নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম। এছাড়া, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা পরিস্থিতির উপর বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন এইচআরএসএস’র মনিটরিং অফিসার আবু সাদাত মোহাম্মদ সায়েম।
মানবাধিকারকর্মী মো. নুর খান বলেন, একের পর এক হওয়া ডিজিটাল ও সাইবার আইনের প্রায় একযুগ পার হচ্ছে। কিন্তু আসল রেজাল্টটা কি আসলো? সাধারণ নাগরিকের কিন্তু সুরক্ষা হচ্ছে না; সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দলকে বা তার কর্মীদেরকে। কেউ যদি যৌক্তিক সমালোচনাও করেন, আমরা দেখছি তার খেসারতও তাকে দিতে হচ্ছে। এমনও হয় একজন সাংবাদিক বা সম্পাদক শতাধিক মামলার আসামী হয়ে যায়। তার এক কোর্ট থেকে আরেক কোর্টে দৌঁড়াতে দৌঁড়াতে সময় চলে যায়।
নুর খান বলেন, মানহানির বিষয়টা বাদ দিয়ে দিলেই হয়। মানহানির বিষয়টা নিয়েই আমাদের বেশি সমস্যা, সুতরাং মানহানির বিষয়টাকে গুরুত্ব না দিয়ে হালকা করে দেখলে ভাল হয়। কারণ এতে মানুষের হয়রানি হতে পারে। সামাজিক, মানসিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। এসব বন্ধ করে আসল অপরাধীদের আইনের আওতায় আনতে আইনের অন্যান্য দূর্বলতাগুলোকে দেখা জরূরী।
নুর খান আরও বলেন, বিভিন্ন সময়ে ব্যক্তিগত তথ্য ফাঁস বা অনলাইন ব্ল্যাকমেইলিংয়ের মতো প্রকৃত সাইবার অপরাধের শিকার ভিকটিমরা তাৎক্ষণিক আইনি সহায়তা বা সুরক্ষা পান না। বরং এসব আইন রাজনৈতিক হয়রানির প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। এসময় তিনি সাইবার আইন থেকে মানহানির ধারা সম্পূর্ণ বাদ দেওয়ার পাশাপাশি নিবন্ধিত মিডিয়া, সাধারণ নাগরিক, অনলাইন লেখক ও মানবাধিকারকর্মীদের জন্য সমভাবে আইনি সুরক্ষা নিশ্চিত করার জোরালো দাবি জানান।
অন্তবর্তীকালীন সরকারের প্রেস সচিব ও ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম বলেন, সাইবার সুরক্ষার অ্যাক্টে যদি কোন ধরনের কোন জেল থাকে, তা আমরা চাই না। এই বিষয়ে নাগরিক সমাজ, হিউম্যান রাইটস ডিফেন্ডার এবং সাংবাদিক সমাজ—সবাই মিলে এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত। অনেকে বলেন যে মানহানির জিনিসটা ডিলিট করা হোক। আমি এটার সাথে একমত না। আমরা যে জায়গায় সবাই এক হতে চাই সেটা হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে কোনো ধরনের জেলদণ্ড থাকা উচিত নয়, তবে অপতথ্য, চরিত্রহনন ও পরিকল্পিত গুজব প্রতিরোধে দেওয়ানী জরিমানা ও কঠোর প্রশাসনিক শৃঙ্খলা থাকা প্রয়োজন। আপনি ক্রিটিসিজম করেন, ক্রিটিসিজম আপনার মৌলিক অধিকার। আমরা কেউ ক্রিটিসিজমের বাইরে না, কিন্তু আপনি মিথ্যা ছড়াতে পারেন না।
শফিকুল আলম আরও বলেন, আমরা দেখছি সাইবার আইন কার্যকর হয়েছে আর যে বিষয়গুলো সংশোধনীতে আনা হচ্ছে, তা নিয়ে নানা পক্ষ থেকে মিটিং হয়েছে। সাংবাদিকদের থেকে লিখিত তথ্য নেওয়া হয়েছে, মতামত নেওয়া হয়েছে যা নিয়ে তারা সংশোধন করতে চাচ্ছেন। আসলে সাইবার আইনের মেইন বিষয় হবে মত প্রকাশে আমার স্বাধীনতা কতটুকু? আমাদের সংবিধানে মত প্রকাশের বিষয় সুস্পষ্টভাবে বলা রয়েছে, কিন্তু স্বাধীনতা সবাই পাই বলা যাবে না। আগেও ঘটেছে এখনো ঘটছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্লাস্টের উপদেষ্টা ব্যারিষ্টার প্রিয়া আহসান চৌধুরী বলেন, আলোচনায় কন্টেন্ট ব্লক করা বিষয়ে একটা বিষয় এসছে, আমি এই বিষয়টা নিয়ে বলতে চাই, নতুন আইনে কন্টেন্ট ব্লক করার ক্ষমতা কন্ট্রোলে রাখছে এক্সিকিউটিভদের কাছে। কথা বলতে না দেন বা যদি তথ্যের অবাধ প্রচারণা আপনি না থাকতে দেন, অপতথ্য ছড়ানোর সুযোগ আরও বেশি তৈরি হবে। এজন্য খালি আইন দিয়েই হবে না, কিছু ইনস্টিটিউশনাল চেঞ্জেস দরকার। পুনরায় খসড়া আইনে কথা বলার অপরাধগুলোকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করা হয়েছে। এতে ওয়ারেন্ট ছাড়াই এরেস্ট করা যায়, প্রি-ট্রায়াল হয়রানিটাই এখানে মূল শাস্তিতে পরিণত হচ্ছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ বলেন, আদালতের অনুমতি ছাড়াই নির্বাহী বিভাগ চাইলে কন্টেন্ট ব্লক করতে পারবে। এটার মাধ্যমে আদালতের উপরে নির্বাহী বিভাগকে পাওয়ার দেয়া হচ্ছে। ২৮ সদস্যের সুরক্ষা কাউন্সিলে প্রধানমন্ত্রী আছেন, স্বরাষ্টমন্ত্রীও আছেন। আর বেসরকারি বিশেষজ্ঞ মাত্র দুইজন। সুতরাং এটা যে স্বাধীন তদারকি হবে না তা তো বোঝাই যাচ্ছে। এজন্য সংবিধানের ৩৯ অনুযায়ী মত প্রকাশের ক্ষেত্রে তিনটা জিনিস ক্লিয়ার থাকতে হবে। প্রথমত আইনটা একদম স্পষ্ট হইতে হবে, এটার উদ্দেশ্যটা বৈধ হইতে হবে, এবং তিন নম্বর হচ্ছে অপরাধের শাস্তি প্রয়োজনীয় ও আনুপাতিক হইতে হবে। তিনি আরও বলেন, ২০১৮ থেকে ২০২৩ এর মধ্যে প্রায় ৭,০০০ এর মত মামলা হয়েছে। সেই মামলাগুলোর ৬০%ই হচ্ছে সরকার বা সরকারি দলের পক্ষের লোকজন করেছে। আজকের যে প্রেজেন্টেশনের তথ্য বলছে, সাম্প্রতিককালে যতগুলো মামলা হয়েছে তার মধ্যেও ৬০% সরকার দলের লোকেরা করেছে। সুতরাং আইন কাদের কাজে লাগছে তা বোঝায় যাচ্ছে।
মতপ্রকাশের কারণে ভুক্তভোগী এ এম হাসান নাসিম বলেন, বিভিন্ন সময় রাজনৈতিক ভুলত্রুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত লিখতাম। পরে ২০২৬ সালের ১৭ এপ্রিল মাগরিবের সময়ে রমনা থানা ও ডিবি পুলিশের একটি দল কোনো আইনি পরোয়ানা ছাড়া আমার বাসায় প্রবেশ করে। আমার স্ত্রীর মোবাইল এবং ক্লায়েন্টের কাজের দুটি ল্যাপটপসহ সমস্ত ডিজিটাল ডিভাইস জব্দ করে নিয়ে যায় তারা। ডিবি কার্যালয়ে নিয়ে তাকে বিভিন্ন পোস্ট ও নিউজ শেয়ারের বিষয়ে জেরা করা হয় এবং শারীরিকভাবে মারধর ও নির্যাতন করা হয়। পরবর্তীতে রাজনৈতিক কর্মী ও নেটিজেনদের সামাজিক মাধ্যমের দাবির মুখে আমাকে হেফাজতে রাখা হয় এবং পরদিন আদালতের মাধ্যমে প্রথমে ঢাকা ও পরে বরগুনা জেলে পাঠানো হয়। বর্তমানে প্রতি মাসে ৩ বার আদালতে হাজিরা দিতে হচ্ছে এবং জব্দকৃত ডিভাইসগুলো উদ্ধার হয়নি।
আরেক ভুক্তভোগী সাথী আক্তার বলেন, ২০২৬ সালের অক্টোবরে এলাকায় বারবার বিদ্যুতের তার চুরি ও শোরুমে চুরির ঘটনায় ফেসবুকে লাইভ করি। এর জের ধরে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা শোরুম ঘেরাও করে ২ লাখ ৫ হাজার টাকা চাঁদা দাবি করে এবং তাকে মারধর করে। বারবার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে আমাকে আটক করে ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়। জামিন হলেও মামলা চলছে। আমি আমার উপর হওয়া অন্যায়ের বিচার চাই। এমনকি জামিনে বের হওয়ার পরও ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে এবং চারতলার শোরুম ও শিশুদের স্কুলের জানালার গ্লাস লক্ষ্য করে তালা ছুড়ে মেরে হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানটির সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম।
সরকারের প্রতি মানবাধিকার সংগঠন এইচআরএসএস সরকারের প্রতি নিম্নলিখিত ১১ দফা সুপারিশ-
১. প্রস্তাবিত আইনের সব বিতর্কিত ধারা সংবিধানের ৩৯ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও ICCPR-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সংশোধন করতে হবে।
২. সাইবার স্পেসে মানহানির ফৌজদারি বিধান বাদ দিয়ে দেওয়ানি প্রতিকারকে অগ্রাধিকার দিতে হবে এবং জনস্বার্থে প্রকাশিত সংবাদ, তথ্য ও সমালোচনার সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৩. গুজব ও অপতথ্যসংক্রান্ত অপরাধের সংজ্ঞা সুনির্দিষ্ট করতে হবে। কেবল ভুল তথ্য প্রকাশের কারণে কাউকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার সুযোগ রাখা যাবে না।
৪. রাজনৈতিক ব্যঙ্গ, কার্টুন, মতামত, সরকারের সমালোচনা, অনুসন্ধানী সাংবাদিকতা ও শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশকে আইনের অপব্যবহার থেকে সুরক্ষা দিতে হবে।
৫. অনলাইন কনটেন্ট ব্লক বা অপসারণের ক্ষেত্রে স্বাধীন বিচারিক অনুমোদন, স্বচ্ছতা, লিখিত কারণ দর্শানো এবং দ্রুত আপিলের সুযোগ নিশ্চিত করতে হবে।
৬. মতপ্রকাশ-সম্পর্কিত অপরাধগুলো জামিনযোগ্য করতে হবে এবং নির্বিচার গ্রেপ্তার ও হয়রানিমূলক মামলা প্রতিরোধে কার্যকর আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৭. তল্লাশি, ডিজিটাল ডিভাইস জব্দ ও গ্রেপ্তারের ক্ষেত্রে আদালতের যথাযথ তদারকি, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক করতে হবে।
৮. নিবন্ধিত সংবাদমাধ্যমের পাশাপাশি সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক, অনলাইন কনটেন্ট নির্মাতা ও সাধারণ নাগরিকের জন্য সমানভাবে মতপ্রকাশের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৯. জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলকে স্বাধীন, বহুপক্ষীয় ও দলনিরপেক্ষ করতে হবে; জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে ফিরিয়ে আনতে হবে, বেসরকারি বিশেষজ্ঞদের স্বচ্ছ প্রক্রিয়ায় বাছাই করতে হবে এবং সভা প্রতি তিন মাসে অন্তত একবার রাখতে হবে।
১০. ধারা ৫২-এর দায়মুক্তির সঙ্গে বেআইনি গ্রেপ্তার, অন্যায় কনটেন্ট ব্লক বা ক্ষমতার অপব্যবহারের শিকার নাগরিকের জন্য ক্ষতিপূরণ ও কার্যকর প্রতিকারের বিধান যুক্ত করতে হবে।
১১. আইনটি চূড়ান্ত করার আগে মানবাধিকার সংগঠন, সাংবাদিক সংগঠন, আইন বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে অর্থবহ আলোচনার আয়োজন করতে হবে।
এইচআরএসএস মনে করে, একটি কার্যকর সাইবার সুরক্ষা আইন প্রণয়নের ক্ষেত্রে প্রকৃত সাইবার অপরাধ, অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, আর্থিক প্রতারণা, পরিচয় জালিয়াতি এবং ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ প্রতিরোধে কার্যকর আইনি ব্যবস্থা থাকা জরুরি। একই সঙ্গে আইনের সংজ্ঞা ও অপরাধের উপাদান সুস্পষ্ট, শাস্তি আনুপাতিক এবং আইন প্রয়োগের প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক হওয়া প্রয়োজন। কোনো অস্পষ্ট বা অতিব্যাপক বিধান যেন ভিন্নমত দমন, সাংবাদিকতা নিয়ন্ত্রণ কিংবা নাগরিকদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরির হাতিয়ার হয়ে না ওঠে, তা নিশ্চিত করতে হবে।
মতপ্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি। সাইবার নিরাপত্তার নামে সেই স্বাধীনতা সংকুচিত না করে বরং নাগরিকের নিরাপত্তা, মর্যাদা, গোপনীয়তা ও মৌলিক অধিকার নিশ্চিত করে একটি মানবাধিকারসম্মত সাইবার আইন প্রতিষ্ঠার আহ্বান জানায় এইচআরএসএস।
