×

আইন-বিচার

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠার যুক্তি তুলে ধরে কূটনৈতিক প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাকযোগে ও ইমেইলের মাধ্যমে এ আইনি নোটিশ পাঠান।

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।

রাষ্ট্রীয় গোপনীয়তা নিয়ে উদ্বেগ

আইনজীবী মাহমুদুল হাসানের নোটিশে বলা হয়েছে, দীর্ঘদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষাব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী দেশে তাঁর দীর্ঘ অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে বলে নোটিশে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ প্রসঙ্গে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার উদাহরণ তুলে ধরা হয়েছে।

নোটিশে আঞ্চলিক যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য বৈরিতা বা সশস্ত্র সংঘাত এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

দেশে ফেরাতে সাতটি পদক্ষেপের প্রস্তাব

প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে সাতটি আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো। এ ছাড়া ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

এরপর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে হাইকমিশন থেকে তাঁকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার প্রস্তাব রয়েছে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ‘ট্রাভেল পাস’ দিয়ে বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে পুলিশের পাহারায় তাঁকে দেশে ফিরিয়ে আনার কথাও উল্লেখ করা হয়েছে।

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করার প্রস্তাব

আইনি নোটিশে শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগেই কারা আইন ও জেল কোড অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে করে তাঁকে ওই বাড়িতে নেওয়ার কথাও বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, আইনি হেফাজতে দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন করে আপিল বিভাগে আপিল করার সুযোগ রয়েছে। এ ছাড়া অন্যান্য আদালতে বিচারাধীন মামলাগুলোতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চিরুনি অভিযান শুরু, মাঠে নামছে ৪ বাহিনী

চিরুনি অভিযান শুরু, মাঠে নামছে ৪ বাহিনী

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইনের বিতর্কিত ধারা সংশোধনের আহ্বান

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইনের বিতর্কিত ধারা সংশোধনের আহ্বান

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

সীমান্তের জিরো পয়েন্টে গরুর খামার, সরকারি ও বনভূমি দখলের অভিযোগ

শেরপুর সীমান্তের জিরো পয়েন্টে গরুর খামার, সরকারি ও বনভূমি দখলের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App