×

ঢালিউড

যেসব কারণে তিন বছর ধরে আলাদা মৌসুমী-ওমর সানী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম

যেসব কারণে তিন বছর ধরে আলাদা মৌসুমী-ওমর সানী

ছবি : সংগৃহীত

তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে বসবাস করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। মৌসুমী রয়েছেন যুক্তরাষ্ট্রে, আর ওমর সানী আছেন বাংলাদেশে। দীর্ঘদিনের এই দূরত্ব ঘিরে মাঝেমধ্যে তাঁদের দাম্পত্য সম্পর্কের অবনতি ও বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। তবে দুজনের বক্তব্য অনুযায়ী, পারিবারিক প্রয়োজনেই তাঁদের আলাদা থাকতে হচ্ছে।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে যান মৌসুমী। এরপর আর দেশে ফেরা হয়নি তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মেয়ে ফাইজার পড়াশোনার দেখাশোনা এবং অসুস্থ মায়ের চিকিৎসা ও পরিচর্যার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে থাকতে হচ্ছে। তাঁর মা এখন আর একা চলাফেরা করতে পারেন না। বয়সজনিত স্মৃতিভ্রংশের সমস্যাও রয়েছে। জীবনের এই সময়ে মায়ের পাশে থাকতে পারাকে বড় প্রাপ্তি মনে করেন মৌসুমী।

কবে দেশে ফিরবেন—এমন প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, ‘ফিরে তো আসতাম আরও আগে। আমি এখানে যে কাজে এসেছিলাম, তা অনেক আগে শেষ হয়ে গেছে। কিন্তু আম্মার কারণে এখন আসতে পারছি না। আম্মা অনেক দিন ধরে অসুস্থ, তাঁর দেখাশোনার বিষয়টা আছে। নিজের নিয়মিত কাজের পাশাপাশি আম্মার দেখাশোনার বিষয়টা তো অবশ্যই আছে।’

মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আম্মার বয়স হয়েছে, তিনি এখন আর একা চলতে পারেন না। তাঁর হেল্পের দরকার হয়। দেখা গেল, একদিন নিজে নিজে হাঁটতে পারছেন, পরদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। এই হচ্ছে এখন আম্মার অবস্থা। ডিমেনশিয়া আছে একটু, এটাও বয়সের কারণে। এর বাইরে অন্য কোনো জটিল সমস্যা নেই।’

স্ত্রী মৌসুমীর যুক্তরাষ্ট্রে থাকার কারণ নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন ওমর সানীও। এক সাক্ষাৎকারে তিনি জানান, শাশুড়ির অসুস্থতা এবং মেয়ে ফাইজার পড়াশোনার বিষয়টি বিবেচনা করেই মৌসুমীকে সেখানে থাকতে বলেছেন। পরিবারের সদস্য হিসেবে মায়ের যত্ন নেওয়ার দায়িত্ব তাঁদের বলেও মনে করেন এই অভিনেতা।

অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারিতে একটি পডকাস্টে ওমর সানী জানান, তিনিও যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন। তবে ভিসা পাননি। এরপর আর সেখানে যাওয়ার চেষ্টা করেননি।

মৌসুমীর সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন তাঁদের মেয়ে ফাইজা। তিনি নিউইয়র্কে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করছেন। পরিবারের বড় ছেলে ফারদীন এহসান স্বাধীন থাকেন দুবাইয়ে। অন্যদিকে, বাংলাদেশে থেকে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন ওমর সানী। অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁর ব্যবসা নিয়েও ব্যস্ত তিনি। ঢাকার মানিকগঞ্জ ও হেমায়েতপুরে তাঁর রেস্তোরাঁর দুটি শাখা চালু রয়েছে। বর্তমানে সিনেমার কাজও আগের তুলনায় কমিয়ে দিয়েছেন এই অভিনেতা।

দুই দেশে অবস্থান করলেও মৌসুমী ও ওমর সানীর মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তাঁরা। ২০২৬ সালের ৬ মে ওমর সানীর জন্মদিনে স্ত্রীকে ভিডিও বার্তা পাঠিয়েছিলেন মৌসুমী। সেখানে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালোবাসার কথাও বলেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে স্ত্রীকে ধন্যবাদ জানান ওমর সানী।

গত ৩ নভেম্বর মৌসুমীর জন্মদিনেও তাঁকে শুভেচ্ছা জানানোর বিষয়টি ফেসবুকে প্রকাশ করেন এই অভিনেতা।

এদিকে, দীর্ঘদিন আলাদা থাকার কারণে ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ওমর সানী। তাঁর মতে, প্রায় ৩১ বছর একসঙ্গে সংসার করার পর পারিবারিক প্রয়োজনেই কিছু সময় আলাদা থাকতে হচ্ছে তাঁদের। শিগগিরই দুজনের আবার দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।

মৌসুমী ও ওমর সানীর প্রেমের গল্প তিন দশক পেরিয়েও দর্শকের আগ্রহের বিষয়। ১৯৯৫ সালের ৪ মার্চ গোপনে বিয়ে করেন তাঁরা। বিয়ের প্রায় দেড় বছর পর, ২ আগস্ট আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনার। এরপর কেটে গেছে ৩১ বছর। দীর্ঘ এই সময়ে সংসার, সন্তান ও নানা গুঞ্জনের মধ্যেও একসঙ্গে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই তারকা দম্পতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেসব কারণে তিন বছর ধরে আলাদা মৌসুমী-ওমর সানী

যেসব কারণে তিন বছর ধরে আলাদা মৌসুমী-ওমর সানী

নতুন বেতন কাঠামোয় আসছে বড় পরিবর্তন আসছে

নতুন বেতন কাঠামোয় আসছে বড় পরিবর্তন আসছে

২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞা

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App