কেয়া পায়েলের চারপাশে ঘুরছে হাঙর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনার মধ্যেই অবকাশযাপন করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। বর্তমানে পরিবারের সঙ্গে মালদ্বীপে অবস্থান করছেন তিনি। সেখানকার বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি নতুন ভিডিও প্রকাশ করেন কেয়া পায়েল। ভিডিওতে দেখা যায়, ঝিনুক আকৃতির একটি পুল লাউঞ্জারে বিশ্রাম নিচ্ছেন তিনি। আর তার নিচের স্বচ্ছ পানিতে ঘুরে বেড়াতে দেখা যায় কয়েকটি হাঙরকে।
ভিডিওতে কেয়াকে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত মেজাজে দেখা গেছে। পেছনে বাজছিল ক্লেয়ার মিশেল ও ইটার্নাল হার্টের ‘সোল অব দ্য সি’ গান, যা ভিডিওটির পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
কয়েক দিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে মালদ্বীপে বেড়াতে যান কেয়া পায়েল। অবকাশযাপনের বিভিন্ন মুহূর্ত নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন তিনি, যা ভক্তদের মধ্যেও বেশ সাড়া ফেলেছে।
এর আগে মালদ্বীপ সফরের সময় এক যুবকের সঙ্গে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে বিষয়টি নিয়ে কেয়া পায়েল কোনো মন্তব্য করেননি। বর্তমানে ভ্রমণ উপভোগের নানা মুহূর্তই তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।
