বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম
বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (ব্রামা) সভাপতি এবং দেশের শীতাতপ নিয়ন্ত্রণ ও রেফ্রিজারেশন খাতের বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ সম্প্রতি চীনের অন্যতম বিনিয়োগ প্রতিষ্ঠান এভারব্রাইট ফাইন্যান্সিয়াল হোল্ডিং ক্যাপিটাল (বেইজিং) কোম্পানি লিমিটেডের বিনিয়োগ বিভাগের সহসভাপতি মিস কৌ হুইলির (কোকো) সঙ্গে ব্যবসায়িক বৈঠকে করেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (ব্রামা) সভাপতি এবং দেশের শীতাতপ নিয়ন্ত্রণ ও রেফ্রিজারেশন খাতের বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ সম্প্রতি চীনের অন্যতম বিনিয়োগ প্রতিষ্ঠান এভারব্রাইট ফাইন্যান্সিয়াল হোল্ডিং ক্যাপিটাল (বেইজিং) কোম্পানি লিমিটেডের বিনিয়োগ বিভাগের সহসভাপতি মিস কৌ হুইলির (কোকো) সঙ্গে এক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে শিল্প, প্রযুক্তি, বিনিয়োগ এবং বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের দ্রুত বিকাশমান রেফ্রিজারেশন, শীতাতপ নিয়ন্ত্রণ, ইলেকট্রনিকস এবং বৈদ্যুতিক পণ্য উৎপাদন শিল্পে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
ব্রামার পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান বাজার পরিস্থিতি, ক্রমবর্ধমান ভোক্তা চাহিদা, দক্ষ জনশক্তি, শিল্পায়নের অগ্রগতি এবং স্থানীয় উৎপাদন খাতের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। একই সঙ্গে স্থানীয় শিল্পের উন্নয়নে প্রযুক্তি হস্তান্তর, যৌথ উদ্যোগ, আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন কারিগরি প্রশিক্ষণের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।
মিস কৌ হুইলি (কোকো) বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্পায়নের ধারাবাহিক অগ্রযাত্রার প্রশংসা করেন।
তিনি বলেন, বাংলাদেশের বৃহৎ বাজার, তরুণ কর্মশক্তি এবং সরকারের বিনিয়োগবান্ধব নীতিমালা বিদেশি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় সুযোগ সৃষ্টি করেছে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে শিল্প ও বাণিজ্যিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বিশেষ করে রেফ্রিজারেশন, শীতাতপ নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানি, ইলেকট্রনিকস উৎপাদন এবং প্রযুক্তি খাতে যৌথ বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।
ব্রামার নেতৃবৃন্দ বাংলাদেশের রেফ্রিজারেশন ও শীতাতপ নিয়ন্ত্রণ শিল্পের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, স্থানীয় শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী করতে আন্তর্জাতিক বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণ এবং সম্ভাব্য বিনিয়োগ প্রকল্প নিয়ে ভবিষ্যতে আরও বিস্তারিত আলোচনা অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উচ্চপর্যায়ের ব্যবসায়িক মতবিনিময় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্প খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যকার অর্থনৈতিক অংশীদারত্বকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে।
