যে কারণে দাম কমল স্বর্ণের ভরিতে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, নতুন ভ্যাট কাঠামো কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এতে আগের তুলনায় ভরিপ্রতি খরচ কমছে ৯ হাজার ১৩ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে গত ১৫ জুন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ হওয়ায় এক ভরি স্বর্ণালঙ্কারের মূল্য দাঁড়িয়েছিল ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।
আরো পড়ুন : ফের বাড়ল স্বর্ণের দাম
তবে নতুন বাজেট প্রস্তাব অনুযায়ী ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে প্রতি ভরিতে নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট আরোপ করা হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
এছাড়া স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। রুপার অলঙ্কারের ভ্যাট সংক্রান্ত সিদ্ধান্তও শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে সংগঠনটি।
