হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
২০২৭ সালে পবিত্র হজ পালনে আগ্রহী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের বকেয়া অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।
রোববার (২২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর ৫ অনুচ্ছেদের ৬ নম্বর নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করতে হবে। একই সঙ্গে চূড়ান্ত নিবন্ধনও সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
এ অবস্থায় সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা সব হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের বকেয়া অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
