দুবাইফেরত যাত্রীর শরীরে মিলল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীরে লুকানো ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের FZ501 ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন গোয়েন্দারা। এ সময় দুবাই থেকে আসা যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তার সব লাগেজ স্ক্যান করা হয়।
পরে শরীরে অবৈধ পণ্য লুকিয়ে পাচারের সন্দেহে ওই যাত্রীকে স্ক্যান করা হলে তার কাছে স্বর্ণের বার থাকার বিষয়টি স্বীকার করেন তিনি। এরপর বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার উপস্থিতিতে তার শরীরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ধাতব বস্তু উদ্ধার করা হয়।
কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার উপস্থিতিতে স্কচটেপ খুলে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন ২ হাজার ১০৬ গ্রাম, অর্থাৎ প্রায় ২ কেজি ১০৬ গ্রাম।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা। এ ঘটনায় যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
